মহেশপুরে চায়না থ্রি কমলা লেবুর বাগান পরিদর্শন জেলা প্রশাসকের

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের সফল উদ্যোক্তা হাবিবুর রহমানের চায়না থ্রি কমলা লেবুর বাগান পরিদর্শন করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি এ বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চায়না থ্রি কমলা লেবু চাষের সম্ভাবনা, উৎপাদন ও উদ্যোক্তা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দেশের বেকার যুবসমাজকে হতাশ না হয়ে প্রচলিত চিন্তাধারার বাইরে এসে কৃষিভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে। চাকরির পেছনে না ছুটে পরিকল্পিতভাবে এ ধরনের ফলের বাগান গড়ে তুলতে পারলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। চায়না কমলা লেবুর মতো সম্ভাবনাময় ফল চাষ করে একজন উদ্যোক্তা নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতে ও অবদান রাখতে পারেন।
তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলায় বর্তমানে অনেক তরুণ ও যুবক বিভিন্ন ধরনের ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষিতে যুবসমাজের এই আগ্রহ অত্যন্ত ইতিবাচক। নতুন নতুন কৃষি উদ্যোগ গ্রহণের মাধ্যমে তরুণরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে পারেন। এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
এ সময় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন, উপজেলা প্রকৌশলী আজিজুল হক এবং মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক বাবর আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শন স্থানীয় কৃষি উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বেকার যুবকদের কৃষিভিত্তিক উদ্যোগে সম্পৃক্ত করতে এ ধরনের সফল উদ্যোক্তার বাগান পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হাবিবুর রহমান বলেন, ২ বিঘা থেকে এখন ১৫ বিঘা বাগান করেছে। এ বছর কিছু ফল বিক্রি করা হয়েছে এবং ২ বিঘার ফল বাগান প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হবে বলে তিনি আশা করছেন।
(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











