ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৯
অ- অ+

দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে চার শিশু। পাশাপাশি দুই রোগে নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০২ জনে।

গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনায় ২০১ জন, বরিশালে ১৮৪ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৫০২ জনের মধ্যে ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ২৫১ জন। এ ছাড়া খুলনায় ৮৭ জন, চট্টগ্রামে ৪৯ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে আটজন এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৮২ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত শিশুদের মধ্যে ৭৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ১ হাজার ৫০৯ জন সন্দেহজনক হামে আক্রান্ত।

গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬২ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৪২ শিশুর।

এই সময়ে হামে আক্রান্ত ও সন্দেহভাজন মোট ২ লাখ ২৩ হাজার ৯৪৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ১ হাজার ৩১৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২১৩ জন এবং নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে হামে মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন অধ্যাপক শেখ আসিফ মিজান
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার আহ্বান মালিকপক্ষের
গোপালগঞ্জে দুই হাজারের বেশি পুলিশ-১০ প্লাটুন বিজিবি মোতায়েন: ঢাকা রেঞ্জের ডিআইজি
শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত: শামা ওবায়েদ