শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব খেলা আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তিনি বলেন, নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে নির্ধারিত ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রয়েছে।
মাউশি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি পত্রের পরিপ্রেক্ষিতে আজ সোমবার মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
মাউশির অধীন দেশের সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী খেলাধুলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় তালিকাভুক্ত খেলাগুলো হলো ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি।
মাউশির মহাপরিচালক বলেন, শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে বা নির্ধারিত সময়ে খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতেও সহায়তা করবে।
এর আগে গত ৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব খেলাধুলা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবদের পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
ডিও লেটারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দক্ষ, সৃজনশীল ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দলগত কাজের মানসিকতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও নৈতিকতা বিকাশেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













