দুবাইয়ে প্রেম, আদালতে বিয়ে; কেরালা থেকে পীরগঞ্জে তরুণী

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ২০:৩৯
অ- অ+

দুবাইয়ে পরিচয়, সেখান থেকে প্রেম। এরপর আদালতে বিয়ে করে শুরু করেন সংসার। সেই ভালোবাসার টানেই ভারতের কেরালা থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসেছেন অশ্বিনী ওরফে আয়শা নামের এক তরুণী। ভিনদেশি এই নববধূকে একনজর দেখতে প্রতিদিনই তাঁর বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। অশ্বিনীর স্বামী মাসুদ রানা উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (১৪ নভেম্বর) রানার বাড়িতে গিয়ে জানা যায়, জীবিকার তাগিদে ২০২১ সালের শেষ দিকে দুবাই যান তিনি। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। একই কর্মস্থলে কাজ করতে গিয়ে দুজনের পরিচয় হয়। একপর্যায়ে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে।

মাসুদ রানা জানান, পরস্পরকে ভালোবেসে তাঁরা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে একসঙ্গে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। পরে ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে স্বামীর বাড়িতে ওঠেন অশ্বিনী।

অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে ভালোবাসা। দুজনের পছন্দের ভিত্তিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। তাঁর পরিবারও এই সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। স্বামীর পরিবারের সদস্যরাও তাঁকে আপন করে নিয়েছেন।

শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ উল্লেখ করে অশ্বিনী বলেন, মাসুদ রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি।

মাসুদ রানার মা জানান, দুবাইয়ে কাজ করার সময় ছেলের সঙ্গে অশ্বিনীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবারের সবাই তাঁদের সম্পর্ক মেনে নিয়েছেন। পুত্রবধূকে পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন তাঁরা।

(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
বীমার দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী
শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর