বীমার দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ২০:০৫
অ- অ+

নির্ধারিত সময়ের মধ্যে পলিসিহোল্ডারদের বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের পাওনা পরিশোধ না করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪০-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মোছা. নাজমুন নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও ব্যাপক অনিয়ম রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, যেসব বীমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ করেনি, তাদের জন্য ইতোমধ্যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে আইডিআরএ। অনেক কোম্পানি গ্রাহকদের অর্থ অবৈধভাবে ব্যবহার করে বিভিন্ন স্থানে জমি কিনেছে ও বিনিয়োগ করেছে। এখন এসব জমি বিক্রি করে গ্রাহকদের বীমা দাবি পরিশোধে তাদের বাধ্য করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সম্পদ বিক্রির মাধ্যমে পলিসিহোল্ডারদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বীমা খাতের দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে আইডিআরএর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গ্রাহকদের পাওনা পরিশোধের জন্য বীমা কোম্পানিগুলোকে তাদের জমি ও অন্যান্য সম্পদ বিক্রি করতেও বাধ্য করা হচ্ছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন করতে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে সরকার জাতীয় সংসদে আইনও আনবে।

সংসদ সদস্য তার প্রশ্নে বীমা কোম্পানিগুলোর সঙ্গে বারবার যোগাযোগ করেও সঞ্চিত অর্থ ফেরত পেতে ব্যর্থ হওয়া শত শত গ্রাহকের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, আইডিআরএর মাধ্যমে বীমা খাতে শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রয়োজনে আইন প্রণয়নের মাধ্যমেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
৪০০ রানের জবাবে দারুণ শুরু দক্ষিণ আফ্রিকার, শতরানের পথে অ্যাকারম্যান-হামজা
অযৌক্তিক দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও