সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের কাজীপুরে মুদি দোকানদার মজনু মিয়াকে অপহরণের পর হত্যার দায়ে জামাল উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইদিনে পৃথক দুটি মাদক মামলায় আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই কারাদণ্ড দেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাসচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাদের তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের মৃত অহেজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার মৃত আব্দুর রহমানের ছেলে হারেজ ওরফে সবুজ ও উল্লাপাড়া উপজেলার বড়ইয়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে জাহাঙ্গীর হোসেন।
মামলার নথি থেকে জানা যায়, কাজীপুর উপজেলার মেঘাই গ্রামের মজনু মিয়া মুদি দোকানের পাশাপাশি নাটুয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে বিভিন্ন মৌসুমে পার্টনারশিপে ব্যবসা করতেন। ব্যবসা ও ভুট্টা কেনার কথা বলে জামাল উদ্দিন মজনু মিয়ার কাছ থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা নেন। পরে ২০১৬ সালের ২ এপ্রিল ভুট্টা কেনার কথা বলে জামাল উদ্দিনের সঙ্গে যমুনার চরে নাটুয়াপাড়া চরে যান মজনু মিয়া। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে স্ত্রী রুপালী খাতুন বাদী হয়ে জামাল উদ্দিনকে অভিযুক্ত করে কাজীপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে যমুনা নদীর চর থেকে মজনু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে ২০২১ সালের ১১ মে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ৪৫ গ্রাম হেরোইনসহ হারেজ ওরফে সবুজকে আটক করে পুলিশ। এই মামলায় আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
এদিকে ২০২১ সালের ২৫ অক্টোবর উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান চলাকালে ৪১ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর হোসেনকে আটক করে পুলিশ। এই মামলায় আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












