শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির হাইকোর্টের রায় আজ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮
অ- অ+

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজা পরিবর্তন হবে—তা জানা যাবে আজ। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে। এ রায়ের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে। এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মাত্র এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণের বিষয়টিকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক ও উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। চূড়ান্ত এ বিচারিক পরিণতি জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিহত শিশুটির স্বজন ও দেশবাসী।

হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখার জোরালো যুক্তি উপস্থাপন করে।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, আসামি সোহেল রানা স্বেচ্ছায় দেওয়া জবানবন্দিতে শিশুটিকে ডেকে নিয়ে শৌচাগারের ভেতরে মুখ চেপে ধরে ধর্ষণ ও হত্যার লোমহর্ষক বিবরণ দিয়েছেন। হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করা এবং শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারও সহযোগিতা করেছেন বলে রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে। তবে রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন এবং মরদেহ খণ্ডবিখণ্ড করে শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান। সে সময় ওই বাসা থেকেই তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় গ্রিডে আজ চালু হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান ও পুতিন
ঘূর্ণিঝড়ের শঙ্কা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দেশে টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া
হেলাল খানের নেতৃত্ব নিয়ে আপত্তি, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর