চুয়েটে ৫৩ দিন পর পরীক্ষা শুরু, আয়োজনের বৈধতা নিয়ে ভিসির আপত্তি

দীর্ঘ ৫৩ দিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে পরীক্ষা কার্যক্রম। রবিবার (১৫ নভেম্বর) ছয়টি বিভাগের প্রায় সাড়ে পাঁচ শ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যাম্পাসের বাইরে অবস্থান করা উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। তাঁর অভিযোগ, পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্স অনুসরণ করা হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রবিবার প্রকৌশল, যন্ত্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগসহ ছয়টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রথম পরীক্ষা স্থগিত হওয়ার পর থেকে বন্ধ ছিল পরীক্ষা কার্যক্রম। যদিও ২৮ অক্টোবর থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছিলেন, তবে পরীক্ষা শুরু করতে আরও ১৮ দিন সময় লাগে।
পরীক্ষা আয়োজনের বৈধতা নিয়ে আপত্তি জানিয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, গত দুই-তিন দিন ধরে অনেক শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা পরিচালনার আইনগত ভিত্তি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, অধিকাংশ বিভাগীয় প্রধানের ওপর চাপ প্রয়োগ করে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্সের পরিপন্থী।
তবে পরীক্ষা আয়োজনে কোনো ধরনের নিয়মের ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোস্তফা কামাল ভূঁইয়া। তিনি বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাচ্ছেন। এ অবস্থায় পরীক্ষা না নেওয়ার কোনো কারণ নেই। এখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটছে না।
উপাচার্যের আপত্তির বিষয়ে তিনি আরও বলেন, উপাচার্য একাডেমিক কাউন্সিলে বিষয়টি কীভাবে তুলবেন? তাঁর ডাকা সিন্ডিকেট সভায় চুয়েটের কেউ যোগ দেননি। একাডেমিক কাউন্সিল ডাকবেন কীভাবে? কাউন্সিলের সদস্যরাও চুয়েটের শিক্ষক। চুয়েটে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর তা বাতিল হয়েছে, এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
পরীক্ষায় অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, তাঁরা অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে নেননি। শিক্ষকদের কাছে খোলা চিঠি দিয়ে তাঁরা ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছিলেন। শিক্ষকেরাও তাঁদের ক্লাস শুরু করার আহ্বান জানান। সেই ধারাবাহিকতায় তাঁরা পরীক্ষায় অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, অধ্যাপক সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। তবে ভবিষ্যতের কথা বিবেচনা করে একাডেমিক কার্যক্রমও চালিয়ে যাবেন তাঁরা। এদিকে চুয়েটের উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে এবং প্রতিদিনই কোনো না কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষকেরা, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে যোগ দেন। এতে কার্যত বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।
এর মধ্যে গত ১২ অক্টোবর সকালে ছাত্রদলের ৭-৮ জন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসে ক্যাম্পাসে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে গিয়ে চেয়ারে বসেন। তাঁর ক্যাম্পাসে প্রবেশের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা কার্যালয়ে তালা দেন এবং বিক্ষোভ শুরু করেন। এ সময় কার্যালয়ের বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১৩ অক্টোবর রাতে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য। এরপর থেকে তিনি আর ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।
দীর্ঘ অচলাবস্থার পর ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। অবশেষে ক্লাস শুরুর ১৮ দিন পর পরীক্ষা কার্যক্রম শুরু হলো। তবে উপাচার্যের আপত্তির কারণে পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










