শেখ হাসিনাকে ভারত থেকে পুশইন করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ০০:৪৬
অ- অ+

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ‘পুশইন’ করে বাংলাদেশে ফিরিয়ে এনে দেশের প্রচলিত আইনের আওতায় বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

সোমবার দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্টুডেন্ট সেন্টারে ‘তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাহমুদুর রহমান সুমন বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন বলে তিনি মনে করেন। দেশে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্টের কোনো তৎপরতা যেন ভারতের ভূখণ্ড থেকে পরিচালিত হতে না পারে, তা নিশ্চিত করা জরুরি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ভারত যেভাবে কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশইন করে, একইভাবে শেখ হাসিনাকেও বাংলাদেশে পুশইন করা উচিত। দেশে ফিরিয়ে আনার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রহণ করবে এবং প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করবে। এর মাধ্যমে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা।

দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাশরুর মাওলার সভাপতিত্বে সভায় তরুণ প্রজন্মের চিন্তা, প্রত্যাশা, নেতৃত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আয়োজকেরা জানান, একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মের ভূমিকা ও প্রত্যাশাকে সামনে আনাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা
১২ ঘণ্টা অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের খাবার কেড়ে নিয়ে সমালোচনায় আন্দোলনকারীরা
জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়