১২ ঘণ্টা অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের খাবার কেড়ে নিয়ে সমালোচনায় আন্দোলনকারীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর দপ্তর প্রায় ১২ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। তাদের বিভিন্ন দাবির মুখে সোমবার দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। রাতেও উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান অব্যাহত রাখেন আন্দোলনকারীরা।
এ পরিস্থিতির মধ্যে উপাচার্যের জন্য আনা খাবার কর্মচারীদের কাছ থেকে কেড়ে নিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, লিফট থেকে বের হওয়ার পর খাবার নিয়ে যাওয়া কর্মচারীদের কাছ থেকে তা নিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সমালোচনা করছেন অনেকে। আবু রওশন নামের একজন মন্তব্য করেছেন, ‘এই দেশটা ভদ্রলোক দিয়ে মনে হয় চালানো যাবে না। সবাইকে মাইরের উপর রাখতে হবে। এর বিকল্প নেই।’
এদিকে আন্দোলনকারীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সভায় পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবিদাওয়া এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের বিষয়ে আলোচনা হচ্ছে।
এর আগে রাত ৯টার দিকে নিজের ফেসবুক পোস্টে উপাচার্য আমানুল্লাহ লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দিব।’
তিনি আরও লেখেন, ‘কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করি নাই, এখনও করব না। বিশ্ববিদ্যালয়টির সংস্কার দরকার, বিভিন্ন উদ্যোগ নিয়েছি। করতে দিলে করব, না দিলে করব না। কিন্তু উল্টাপাল্টা কথা বলে বা স্টোরি মেইক করে বা অবরুদ্ধ করে রেখে কোনো লাভ হবে না।’
অবরোধ কর্মসূচি প্রসঙ্গে উপাচার্য লেখেন, ‘৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













