শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর তীব্র কম্পন প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলেও অনুভূত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু ও দ্য সানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার (প্রায় ৯০ মাইল) পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে। তবে অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা ‘জিওসায়েন্স অস্ট্রেলিয়া’র তথ্যমতে, বান্দা সাগরের তলদেশে ভূমিকম্পটির উৎপত্তি হয়। শুরুতে ভূকম্পনটির মাত্রা ৭ দশমিক ৪ হিসেবে ধারণা করা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৬ দশমিক ৬ নির্ধারণ করা হয়।
এদিকে, ডারউইনের স্থানীয় সময় সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জের কাছে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পনে কেঁপে ওঠে অস্ট্রেলিয়ার ডারউইন, ক্যাথরিনসহ আশপাশের এলাকা। জিওসায়েন্স অস্ট্রেলিয়ায় দেশটির শত শত বাসিন্দা কম্পন অনুভব করার কথা জানিয়ে রিপোর্ট জমা দিয়েছেন।
শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর (বিওএম) নিশ্চিত করেছে, এই ভূমিকম্পের ফলে দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরিপ্রবণ দেশ। টেকটোনিক প্লেটের নিয়মিত নড়াচড়ার কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













