সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো প্রকাশ, জানুন কার কত বেতন বাড়ল

সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর যৌথ বাহিনীর সদস্যদের মূল বেতনসহ বিভিন্ন ভাতা এবং অবসরজনিত সুবিধা নির্ধারণের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ এর আলোকে পৃথক নির্দেশাবলী প্রকাশ করা হয়েছে।
রবিবার যৌথ বাহিনীর জন্য পৃথক নির্দেশাবলীর এ গেজেট প্রকাশ করেছে সরকার।
এতে সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগীবৃন্দ, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির ব্যক্তিবর্গ, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি ব্যক্তিবর্গ ও সমতুল্যগণের মূল বেতন, বেতন উপাদান, ভাতা এবং অবসর জনিত সুবিধাবলি অন্তভুক্ত করা হয়েছে।
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে সরকার। এতে বাহিনীপ্রধানদের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে, তিন বাহিনীর সৈনিক, নাবিক ও বিমানসেনাদের নতুন কাঠামোয় প্রারম্ভিক মূল বেতন রাখা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বাহিনী নির্দেশনায় কমিশন্ড কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড কর্মকর্তা, সৈনিক, নাবিক, বিমানসেনা এবং অন্যান্য পদমর্যাদার সদস্যদের মূল বেতন, বিভিন্ন ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, সেনাবাহিনীপ্রধান, নৌবাহিনীপ্রধান ও বিমানবাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদমর্যাদার কর্মকর্তারা পাবেন ১ লাখ ৬৪ হাজার টাকা। মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
কমিশন্ড কর্মকর্তাদের মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা। লেফটেন্যান্ট পদে ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা এবং ক্যাপ্টেন পদে ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া মেজর পদে মূল বেতন ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পদে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, কর্নেল পদে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ব্রিগেডিয়ার জেনারেল পদে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামোয় মাস্টার ওয়ারেন্ট অফিসারদের মূল বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা করা হয়েছে। সিনিয়র ওয়ারেন্ট অফিসারদের ক্ষেত্রে তা ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং ওয়ারেন্ট অফিসারদের ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য পদমর্যাদার মধ্যে সার্জেন্টরা পাবেন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। করপোরাল পদে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা এবং ল্যান্স করপোরাল পদে ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। আর নতুন নিয়োগ পাওয়া রিক্রুটদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।
সেনাবাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল ১ লাখ ৬৪ হাজার এবং মেজর জেনারেল ১ লাখ ৫৬ হাজার টাকা পাবেন।
ব্রিগেডিয়ার জেনারেলের বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং কর্নেলের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অফিসার ক্যাডেটদের নির্ধারিত মূল বেতন ২৩ হাজার টাকা।
নৌবাহিনীপ্রধানের মূল বেতনও ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভাইস অ্যাডমিরাল পাবেন ১ লাখ ৬৪ হাজার টাকা এবং রিয়ার অ্যাডমিরাল ১ লাখ ৫৬ হাজার টাকা।
কমডোর পদে মূল বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং ক্যাপ্টেন পদে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মাস্টার চিফ পেটি অফিসারদের বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা। নাবিকদের মূল বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা এবং রিক্রুটদের প্রারম্ভিক বেতন ২১ হাজার ৪০০ টাকা।
বিমানবাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। এয়ার মার্শাল পাবেন ১ লাখ ৬৪ হাজার টাকা এবং এয়ার ভাইস মার্শাল ১ লাখ ৫৬ হাজার টাকা।
এয়ার কমডোরের মূল বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং গ্রুপ ক্যাপ্টেনের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সার্জেন্ট পদে বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। এসি-১ পদে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা এবং রিক্রুট বা এসি-২ পদে প্রারম্ভিক মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা রাখা হয়েছে।
সশস্ত্র বাহিনীর নার্সিং সার্ভিসের সদস্যদের জন্যও পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
এতে কর্নেল পদে মূল বেতন ১ লাখ থেকে ১ লাখ ২৭ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পদে ৮৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা এবং মেজর পদে ৫৮ হাজার থেকে ১ লাখ ৯ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ক্যাপ্টেন পদে বেতন ৪৮ হাজার ৩০০ থেকে ৭৭ হাজার ৮০০ টাকা এবং লেফটেন্যান্ট পদে ৪৬ হাজার ২০০ থেকে ৫৯ হাজার টাকা। এএফএনএস ক্যাডেটদের নির্ধারিত মূল বেতন ২২ হাজার ৪০০ টাকা।
নতুন বেতন কাঠামো একবারে শতভাগ কার্যকর হচ্ছে না। কয়েকটি ধাপে এর বাস্তবায়ন করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
প্রথম পর্যায়ে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পদমর্যাদা পর্যন্ত সদস্যরা নতুন মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। অন্যদিকে, সার্জেন্ট থেকে রিক্রুট পর্যায়ের সদস্যদের জন্য কার্যকর হবে নতুন মূল বেতনের ৫০ শতাংশ।
দ্বিতীয় পর্যায়ে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম শ্রেণির পদমর্যাদার কর্মকর্তারা নতুন মূল বেতনের ৭০ শতাংশ এবং অন্যান্য পদমর্যাদার সদস্যরা ৭৫ শতাংশ পাবেন।
পরবর্তী সময়ে ২০২৭ সালের ১ জুলাই থেকে তিন বাহিনীর সব সদস্য শতভাগ নতুন মূল বেতন পাওয়ার কথা রয়েছে। তবে বেতন-ভাতার অন্যান্য সুযোগ-সুবিধা পুরোপুরি কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।
নতুন বেতন কাঠামোয় বিভিন্ন ধরনের ভাতার পরিমাণও নির্ধারণ করা হয়েছে। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৭ হাজার ২০০ টাকা, কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঝুঁকি ভাতা হিসেবে দৈনিক ১২১ টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে।
পাহাড়ি ও হাওর এলাকায় দায়িত্ব পালনকারী সশস্ত্র বাহিনীর সদস্যরা মূল বেতনের ২০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।
নতুন কাঠামোয় মোবাইল ভাতাও যুক্ত করা হয়েছে। মেজর ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও তার নিচের পদমর্যাদার সদস্যরা মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।
এ ছাড়া প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার ব্যয় নির্বাহে বিশেষ ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। এ সুবিধার আওতায় সর্বোচ্চ দুই সন্তানের প্রত্যেকের জন্য মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।
সরকারের প্রকাশিত নতুন নির্দেশনায় তিন বাহিনীর সদস্যদের বেতন, ভাতা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়গুলো পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে ২০২৭ সালের জুলাই থেকে নতুন মূল বেতন শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













