বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম, হরমুজ প্রণালিতে স্বাভাবিক হচ্ছে সরবরাহ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন ঘটেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশেরও বেশি কমেছে। খবর আল জাজিরা’র।
বাজার বিশ্লেষণী তথ্য বলছে, বিশ্ববাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড ফিউচারের দর ৩ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে, বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন আভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে অর্থাৎ বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেশি থাকতে পারে। এর ফলে বাজারে পুনরায় তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেল পরিবহণ বৃদ্ধি পাওয়া এবং আগামী মাসগুলোতে বৈশ্বিক সরবরাহ বাড়ার ইতিবাচক পূর্বাভাসই মূলত অপরিশোধিত তেলের বাজারকে নিম্নমুখী করে তুলেছে।
(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













