ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে প্রবেশ করছে শ্রমিক আন্দোলন, পুলিশের ছত্রভঙ্গ

বেশ কিছুদিধরে চলমান শ্রমিক আন্দোলন ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর, কোনাবাড়ি, কাশিমপুর, সদর উপজেলার রাজেন্দ্রপুর ভবানীপুর, বাঘেরবাজার ও সালনা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এতদিন টঙ্গী শিল্পাঞ্চল শান্ত থাকলেও আজ শ্রমিক আন্দোলন টঙ্গীতে প্রবেশ করেছে। টঙ্গীর এরশাদ নগর এলাকায় শ্রমিক আন্দোলন দমনে সাউন্ড গ্রেনেডও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গী শিল্পাঞ্চলের দুটি গার্মেন্টস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই নিয়ে গাজীপুর- ২ শিল্পাঞ্চলে ৩০টির বেশী কারখানা বন্ধ ঘোষণা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এই ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন( পিপিএম সেবা) বেলা ১টায় দিকে বলেন, এই পর্যন্ত আমার নিয়ন্ত্রণাধীন ৩০টির বেশী কারখানায় ছুটি বা বন্ধ ঘোষণা করা হয়েছে। টঙ্গীর এরশাদ নগর এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক আন্দোলনের কারণে সকালেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যায়। সকাল ১১টার দিকে শ্রমিকেরা গাছা এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা ও এরশাদনগর এলাকায় প্রবেশ করেন। তারা মহাসড়কে অবস্থান করে চলমান শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের রাস্তায় নামানোর চেষ্টা করেন। এসময় পুলিশ বাঁধা দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই অবস্থায় টঙ্গী এলাকায় হুপলোন গার্মেন্টস এবং স্যাটান গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










