চট্টগ্রামে বাস থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী বাস থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. জোবায়ের (২০) ও মিলকি বড়ুয়া (৩৮)। জোবায়ের কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। মিলকি বড়ুয়ার বাড়ি উখিয়ার রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকায়।
মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. মানজুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল কক্সবাজার থেকে চট্টগ্রামগামী স্বাধীন ট্রাভেলসের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে তল্লাশি চালানো হয়। এ সময় একটি খয়েরি রঙের ট্রাভেল ব্যাগ থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা সংরক্ষণ ও বহনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(গ)/৪১ ধারায় কর্ণফুলী থানায় মামলা করেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











