শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এর আগে, সোমবার (১৬ নভেম্বর) একদিনেই এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ করে রাষ্ট্র ও আসামিপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষ যুক্তি তুলে ধরে জানায়, পুরো অপরাধের বিষয়টি আসামি স্বপ্না জানতেন এবং তিনি তার স্বামী সোহেল রানাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বপ্নাও এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে গত ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের এই মামলার ‘ডেথ রেফারেন্স ও আপিল’ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।
(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













