মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশ-বিজিবি মোতায়েন

মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদ এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।
মঙ্গলবার সকালে পল্লবী থানার ৭ নম্বর সেকশন এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ডিউটি অফিসার এসআই তানভীর বলেন, সকালে আন্দোলনকারীরা জড়ো হয়েছিলেন। তবে বর্তমানে কোনো সমস্যা নেই, সড়কও চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে পল্লবী থানাধীন ৭ নম্বর সেকশনের বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা পল্লবী ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতি দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













