পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:১৮
অ- অ+

জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক জানিয়েছেন, শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সিদ্ধান্ত নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল বলেও উল্লেখ করেছেন।

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে গত ১৪ নভেম্বর কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। ই-মেইলে পাঠানো তার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে।

পদত্যাগপত্রে ওসমান ফারুক লিখেছেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। জাতীয় সংসদের সদস্য পদ ছাড়তে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত।

এদিকে ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি মঙ্গলবার জাতীয় সংসদে নিশ্চিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতেই স্পিকার ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি সংসদকে অবহিত করেন।

স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনি এলাকায় ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর হতে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষর যুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে ড. মুহাম্মদ ওসমান ফারুকের দায়িত্ব পালন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধর্ষণ
কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন
ব্যাটিংয়ে বাংলাদেশকে টপকে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, বৃষ্টিতে থমকে গেল খেলা
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাধবপুরের ৬ যুবক নিখোঁজ