তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে অপোর নতুন ফ্ল্যাগশিপ ফোন

বাংলাদেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ফোনটির বিশেষ আকর্ষণ তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেইন, আলট্রা-ওয়াইড ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
অপোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফোনটির ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে—এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি।
ফোনটির ক্যামেরা ব্যবস্থায় অপোর নিজস্ব ইমেজিং প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে হ্যাসেলব্লাডের ফটোগ্রাফি অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির দাবি, ‘ট্রু-টু-আইস ইমেজিং ফিলোসফি’র ভিত্তিতে তৈরি এই ক্যামেরা ব্যবস্থা বিভিন্ন পরিস্থিতিতে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও বেশি সৃজনশীলতার সুযোগ দেবে।
প্রি-অর্ডারে ক্রেতাদের জন্য রয়েছে ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ক্রেডিট কার্ডের কিস্তি সুবিধা। এ ক্ষেত্রে প্রতি মাসে কিস্তির পরিমাণ পড়বে আনুমানিক ১০ হাজার ৮৩৪ টাকা। এ ছাড়া থাকছে এক বছরের বর্ধিত ওয়ারেন্টি, লাইফটাইম ফোন সার্ভিস এবং ফ্লিপার এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা।
ফোনটির ক্যামেরার ব্যবহার আরও বাড়াতে আলাদাভাবে হ্যাসেলব্লাড টেলি কনভার্টার কিট এনেছে অপো। লুনা হোয়াইট রঙের এই অ্যাকসেসরিজটির দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি ব্যবহার করে টেলিফটো ফটোগ্রাফিতে আরও উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে।
এদিকে নতুন ফোনের পাশাপাশি অপো এনকো ক্লিপ২ নামের একটি অডিও অ্যাকসেসরিজও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। লুমিনাস গোল্ড রঙের এই পণ্যের দাম ১৭ হাজার ৯৯৯ টাকা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













