অসুস্থতা ও চিকিৎসার কারণ দেখিয়ে এমপি পদ ছাড়লেন ওসমান ফারুক, তবে...

শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। তবে তার পদত্যাগের পেছনে অন্য কারণও রয়েছে বলে বিএনপির অভ্যন্তরীণ অঙ্গনে আলোচনা চলছে।
মঙ্গলবার সংসদ সচিবালয়ের একটি সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিতে পারেননি তিনি। ওই সময়ও যুক্তরাষ্ট্রে ছিলেন বিএনপির এই নেতা।
তবে তার পদত্যাগের কারণ নিয়ে দলীয় অঙ্গনে ভিন্ন আলোচনা রয়েছে। বিএনপির অভ্যন্তরীণ একটি সূত্রের দাবি, মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় তার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই অসন্তোষ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। যদিও এ বিষয়ে ওসমান ফারুক কিংবা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। পরে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













