কিশোর মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৩৮
অ- অ+

রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান, তাদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য জানা প্রয়োজন। এ ছাড়া মামলার অন্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় জানা এবং সাঈদ খোকনকে কারা আশ্রয় দিয়েছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে সাঈদ খোকনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হয় কিশোর আবদুল মোতালেব (১৪)।

এ ঘটনায় তার বাবা আবদুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।

এর আগে মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১০ বন্দুকসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাইডার ও ৭৭ ককটেল বস্তু উদ্ধার
ঘাটাইলে কৃষকের তিন বিঘা জমির পাকা ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
খুলনায় বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর