আনসার-ভিডিপির উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা

আনসার-ভিডিপির ডিজি পদে নিয়োগের আদেশ বাতিল করল সরকার, বহাল থাকছেন সাজ্জাদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ২১:০৫
অ- অ+

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক পদে মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে নিয়োগের আদেশ বাতিল করেছে সরকার। একই সঙ্গে বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার আগের আদেশও বাতিল করা হয়েছে। ফলে আনসার-ভিডিপির মহাপরিচালক পদে বহাল থাকছেন মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা আগের প্রজ্ঞাপনের মাধ্যমে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বর্তমান প্রেষণ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া এবং মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার-ভিডিপির মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আনসার-ভিডিপির মহাপরিচালকের দায়িত্ব পান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক সংস্কার এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেন তিনি। বিশেষ করে দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় তার সময়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়।

অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজি কোডে বেতন প্রদানের উদ্যোগ এসব পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য। পাশাপাশি মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা প্রদান, বাৎসরিক ছুটি বাড়ানো এবং স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়।

সদস্যদের প্রশিক্ষণব্যবস্থা যুগোপযোগী করার পাশাপাশি পদকের সংখ্যা বৃদ্ধি, সাহসিকতা ও সাফল্যের স্বীকৃতি গণমাধ্যমে তুলে ধরা, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ এবং সাধারণ ক্ষমার আওতায় চাকরিতে পুনর্বহালের উদ্যোগও নেওয়া হয়েছে। এ ছাড়া সদস্যদের নিজ বিভাগ বা জেলায় পদায়নের সুযোগ সৃষ্টি এবং আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

বাহিনীর প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা গড়ে তুলতেও প্রশংসার সঙ্গে কাজ করেছেন মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ। তার সময়ে প্রায় ৬০ লাখ সদস্যকে নিয়ে ডিজিটাল ডেটাবেজ তৈরির কাজ এগিয়ে নেওয়া হয়। নির্বাচনে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চালু করা হয় ডিজিটাল মনিটরিং ব্যবস্থা। নিয়োগপ্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণেও নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ।

সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থানের সুযোগ যুক্ত করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগও রয়েছে। এসব কার্যক্রমের লক্ষ্য বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতার পাশাপাশি জীবনমানের উন্নয়ন ঘটানো।

দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় আনসার-ভিডিপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ দায়িত্ব আরও কার্যকরভাবে পালনের জন্য একটি আধুনিক, দক্ষ ও পেশাদার বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মহাপরিচালক পদে মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদকে ফিরিয়ে নেওয়ার আগের আদেশ বাতিল হওয়ায় তার নেতৃত্বে বাহিনীর চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ তৈরি হয়েছে। সদস্যদের কল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি, আধুনিকায়ন ও সাংগঠনিক সক্ষমতা জোরদারে নেওয়া উদ্যোগগুলো সামনে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন
দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 
অবহেলায় পদত্যাগ করেছেন ওসমান ফারুক