ভাঙ্গায় আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় রাজু মোল্লা (৩৪) নামের কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা–বরিশাল মহাসড়কে প্রায় সোয়া এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে হামিরদী বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালান।
পরে রাত নয়টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
একপর্যায়ে রাত সোয়া ৯টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে রাজু মোল্লার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ মিয়া বলেন, রাজু মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ফরিদপুর-৪ (ভাঙ্গা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল) বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। তার দাবি, ১০০ থেকে ১৫০ জন আওয়ামী লীগ সমর্থক ঢাল, কাতরা, লাঠি ও বল্লম নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিলেন। তারা রাজু মোল্লার ওপর হামলা করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর রাত সোয়া ১০টার দিকে বলেন, নিহত ব্যক্তির মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












