ই-ক্যাব নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে বাধা, দুই প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র সংগ্রহে বাধা এবং দুই প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বর ই-ক্যাবের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ অনুযায়ী, ই-ক্যাবের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন মুহাম্মাদ ইসমাইল হোসাইন ও হোসনে আরা নুরী নওরীন। একই পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী কাজী মুকিতুজ্জামান মুকিত তাদের বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, হোসনে আরা নুরী নওরীন ই-ক্যাব কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে কাজী মুকিত ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে টেনেহিঁচড়ে সরিয়ে দেন। এ সময় তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহের জন্য নির্ধারিত অর্থ জমা দেওয়ার পর মুহাম্মাদ ইসমাইল হোসাইনের মানি রিসিপ্ট কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় তাকে ধাক্কা দিয়ে কার্যালয়ের কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
ই-ক্যাবের নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহের মতো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা এবং প্রার্থীদের সঙ্গে এমন আচরণের অভিযোগ নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্বাচনে সব প্রার্থীর অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ বজায় রাখা জরুরি। এ জন্য নির্বাচন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










