গ্ল্যামার বনাম মেধা: গণমাধ্যমে নারীর উপস্থাপনে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি

খাতুনে জান্নাত
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ২১:৫৭
অ- অ+

একবিংশ শতাব্দীর এই প্রযুক্তিনির্ভর ও তথ্যপ্রবাহের যুগে গণমাধ্যম কেবল খবরের বাহক নয়, বরং এটি সামাজিক মূল্যবোধ, চেতনা এবং দৃষ্টিভঙ্গি তৈরির অন্যতম প্রধান কারিগর। গণমাধ্যমে কোনো একটি বিষয়কে কীভাবে উপস্থাপন করা হচ্ছে, তার ওপর বহুলাংশে নির্ভর করে সমাজে সেই বিষয়ের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বাংলাদেশের বর্তমান মিডিয়া কালচারে নারীদের উপস্থিতি ও উপস্থাপন পর্যালোচনা করলে দেখা যায়—মেধা, প্রজ্ঞা, গবেষণা কিংবা প্রযুক্তিগত উদ্ভাবনের চেয়ে নারীর শারীরিক বাহ্যিকতা ও গ্ল্যামারকেই মুখ্য করে তোলা হচ্ছে।

প্রতিবছর আমাদের দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে জমকালো আয়োজনে রিয়েলিটি শো বা সৌন্দর্যের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গণমাধ্যমগুলো অত্যন্ত আগ্রহ ও ঘটা করে সেসবের খবর প্রচার করে, ঘণ্টার পর ঘণ্টা লাইভ সম্প্রচার চলে, আর সাময়িক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন অংশগ্রহণকারীরা। কিন্তু অন্যদিকে, আমাদের তরুণী ও নারী গবেষকদের মেধা অন্বেষণ, বিজ্ঞানমনস্ক উদ্ভাবনী মেলার খবর কিংবা উচ্চশিক্ষায় নারীদের অসামান্য অর্জনের গল্পগুলো কেন গণমাধ্যমের মূলধারায় একই গুরুত্ব পায় না? বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন মেলায় বহু নারী গবেষক ও শিক্ষার্থী প্রতিনিয়ত নতুন নতুন সম্ভাবনা তৈরি করছেন, অথচ সেগুলো প্রচারের আলো পায় না বললেই চলে। এই দৃশ্যমান বৈষম্য মূলত আমাদের সমাজ ও কালচারাল মিডিয়ার এক গভীর অবক্ষয়ের দিকেই ইঙ্গিত করে।

সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে এ বিষয়টি বিশ্লেষণ করলে কয়েকটি মৌলিক বিষয় স্পষ্ট হয়ে ওঠে। মার্কিন সমাজবিজ্ঞানী বার্বারা ফ্রেডরিকসন ও টমি-অ্যান রবার্টস তাঁদের বিখ্যাত ‘অবজেক্টিফিকেশন থিওরি’ (Objectification Theory)-তে দেখিয়েছেন, কীভাবে পুরুষতান্ত্রিক সমাজে নারীকে একজন স্বতন্ত্র চিন্তাশীল ‘মানুষ’ বা ‘কর্তা’ হিসেবে দেখার চেয়ে তাঁর শারীরিক অবয়বকে মূল্যায়নের ‘বস্তু’ হিসেবে উপস্থাপনের প্রবণতা কাজ করে। একই কথা প্রতিফলিত হয় প্রখ্যাত চলচ্চিত্র ও সংস্কৃতি গবেষক লরা মার্ভির ‘মেইল গেজ’ (Male Gaze) ধারণায়। বর্তমান পুঁজিবাদী মিডিয়া ইন্ডাস্ট্রি নারীকে প্রায়শই একটি ‘বিক্রিযোগ্য পণ্য’ বা বাণিজ্যিক উপকরণ হিসেবে সংজ্ঞায়িত করে। যেসব আয়োজনে গ্ল্যামার ও বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন করা যায়, পুঁজিবাদী বিজ্ঞাপন খাত ও মিডিয়া সেখানে সহজেই চোখ ধাঁধানো বিনিয়োগ খুঁজে পায়। পক্ষান্তরে, গবেষণাগারে কোনো নারীর রাতজাগা পরিশ্রম কিংবা নতুন একটি বৈজ্ঞানিক আবিষ্কারে সরাসরি কোনো ‘গ্ল্যামারি সেলিং পয়েন্ট’ না থাকায় তা মিডিয়া ক্যাপিটালিজমের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হয়।

সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজক কিংবা সমর্থকরা অনেক সময় দাবি করেন—এগুলো ‘নারীর ক্ষমতায়ন’ বা আত্মবিশ্বাস বৃদ্ধির প্ল্যাটফর্ম। কিন্তু সমাজবিজ্ঞানী কোলিন বলিন তাঁর গবেষণায় দেখিয়েছেন, এটি মূলত এক ধরনের ‘ছদ্ম-ক্ষমতায়ন’ (Pseudo-Empowerment)। যে তথাকথিত ক্ষমতায়ন নির্দিষ্ট শারীরিক মাপকাঠি বা নির্ধারিত সৌন্দর্যবোধের শর্তের ওপর নির্ভর করে, তা কখনো নারীর আসল মুক্তি এনে দিতে পারে না; বরং তা প্রথাগত পুরুষতান্ত্রিক মানদণ্ডকেই আরও প্রগাঢ় করে তোলে। এই প্রক্রিয়ায় নারীর আত্মপরিচয় সীমাবদ্ধ হয়ে পড়ে তাঁর বাহ্যিকতার ফ্রেমে, যেখানে তাঁর প্রজ্ঞা, বুদ্ধিবৃত্তি ও নেতৃত্ব গৌণ হয়ে দাঁড়ায়।

এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের তরুণ প্রজন্মের মনস্তত্ত্বে। মিডিয়ার এই সেনসেশনালিজম বা চটকদার খবর প্রকাশের প্রবণতা তরুণীদের মনে এমন এক সামাজিক বার্তা দেয় যে—সমাজে স্বীকৃতি পেতে হলে মেধা ও শিক্ষার চেয়ে বাহ্যিক নান্দনিকতা বা গ্ল্যামারই হয়তো সবচেয়ে বড় চালিকাশক্তি। ফলে বহু সম্ভাবনাময় নারী মেধা বিকাশের পথ ছেড়ে ছদ্ম-গ্ল্যামারের মোহে বিভ্রান্ত হচ্ছেন। একইসঙ্গে, এটি সমাজে একশ্রেণির অবক্ষয়নির্ভর চরিত্রের উত্থানকে ত্বরান্বিত করছে, যা নারীকে একজন স্বাবলম্বী চিন্তাশীল নাগরিক হিসেবে দেখার মানসিকতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

নারীর প্রকৃত ক্ষমতায়ন কখনোই কেবল পোশাক কিংবা বাহ্যিক অবয়বের উপস্থাপনায় নিহিত নয়। প্রকৃত ক্ষমতায়ন হলো নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, নীতি-নির্ধারণে অংশগ্রহণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সাফল্য এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা।

কাজেই, আমাদের সমাজ ও গণমাধ্যমের দৃষ্টিকোণ পরিবর্তন করা এখন সময়ের দাবি। মূলধারার সংবাদমাধ্যম, টেলিভিশন চ্যানেল এবং ডিজিটাল পোর্টালগুলোকে গ্ল্যামারকেন্দ্রিক সংবাদ প্রচারের মোহ কাটিয়ে উঠে নীতিগত পরিবর্তন আনতে হবে। প্রতিটি জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান মেলা, গবেষণা প্রদর্শনী এবং শিক্ষা ক্ষেত্রে নারীদের অভাবনীয় অর্জনের গল্পগুলোকে প্রথম পাতায় ও প্রাইম-টাইমে স্থান দিতে হবে।

নারী কোনো পণ্য নন; তিনি একজন চিন্তাশীল, সৃজনশীল ও সামাজিকভাবে কার্যকর ব্যক্তিত্ব। যতক্ষণ না পর্যন্ত গণমাধ্যম ও সমাজ নারীর শরীর ও গ্ল্যামারের ঊর্ধ্ব উঠে তাঁর মেধা, যোগ্যতা ও বুদ্ধিবৃত্তিক অবদানকে সশ্রদ্ধ স্বীকৃতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমতাভিত্তিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণ অধরাই থেকে যাবে।

(লেখক: প্রভাষক ও গবেষক , সমাজবিজ্ঞান বিভাগ ও Institute of Forensic Science and Cyber security, জাতীয় বিশ্ববিদ্যালয়)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু
পূবাইলে ছাত্রলীগের ব্যানার উদ্ধারসহ গ্রেপ্তার ৪