মাতারবাড়ী প্রকল্পের টাকা আত্মসাৎ
কক্সবাজারের সাবেক এডিসিসহ ১০ জন কারাগারে, ডিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন।
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুদক মামলাটি করেছিল। এই মামলায় জামিন বাতিল করে পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে মামলাটির আসামি কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন প্রথম আলোকে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরস্পরের যোগসাজশে অস্তিত্বহীন চিংড়িঘেরের ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে বিষয়টি উঠে আসে’।
দুদক সূত্রে জানা গেছে, মঙ্গলবার এই মামলার যুক্তিতর্ক শুনানি হয়। এ সময় পাঁচ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে সাবেক ডিসি রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত ৩০ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। জামিন বাতিল হয়ে কারাগারে যাওয়া বাকি চার আসামি হলেন আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম মজুমদার, বশির আহম্মদ ও নুর মোহাম্মদ।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রুহুল আমিন কক্সবাজারের জেলা প্রশাসক ছিলেন। ওই সময় মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্রের জন্য মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১৪ সালের নভেম্বর মাসে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। ওই সময় ২৫টি ‘অস্তিত্বহীন’ চিংড়িঘেরের তথ্য দিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামে ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করা হয়। বাকি ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য পাঁচটি চেকও ইস্যু করা হয়।
এই ঘটনায় এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী নামে মাতারবাড়ীর এক ব্যবসায়ী ২০১৪ সালের ২০ নভেম্বর তখনকার জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন। এরপর আদালতের আদেশে দুদক এ বিষয়ে তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল রুহুল আমিনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এতে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে উত্তোলন করা হয়েছে বলা হয়। এরপর জেলা প্রশাসকসহ কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরে তাঁরা জামিনে মুক্তি পান। ২০১৯ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসকসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।
(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











