রাষ্ট্রশ্রীকাতরতা থেকে রাষ্ট্রশ্রীগর্বীতা

বাঙালি জাতি হিসেবে আমরা আবেগপ্রবণ, অতিথিপরায়ণ, সংস্কৃতিমনা - এই বিশেষণগুলো আমরা নিজেরা নিজেদেরকে দিয়েছি। কিন্তু মুদ্রার অপর পিঠে আর একটি চিত্র আছে, যেটা আমরা দেখেও না দেখার ভান করি। সেটি হলো রাষ্ট্রশ্রীকাতরতা।
রাষ্ট্রশ্রীকাতরতা শব্দটির মধ্যেই লুকিয়ে আছে পরশ্রীকাতরতা। রাষ্ট্রের যখন উন্নতি হয় তখন অনেকের উন্নতি হয়, কিন্তু সবার সমানভাবে হয় না। তাই শুধু হিংসা নয়, অন্যের পতন কামনা করে এক ধরনের বিকৃত আনন্দ লাভ হয়। সেটি রাষ্ট্র হলেও কিছু আসে যায় না। বরং একটা উলট-পালট হলে যদি কোন ফায়দা লুটা যায়। বাংলায় প্রবাদ আছে কারো ঘরে আগুন লাগে, কেউ আবার পোড়া আলুর সন্ধান করে।
কেন এই প্রবণতা?
এর শিকড় খুব গভীরে,- পরাধীনতা ও বড় হ ওয়ার আশাহীন কৃষিনির্ভর সমাজ কাঠামো এরপর গার্মেন্টস, সরকারি কন্ট্রাক্টরি, প্রবাসী হওয়া, দোকানদারি তো আছেই। সম্প্রতিক বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে বড় হওয়ার আশা। মিডিয়ার মাধ্যমে পশ্চিমা প্রাচুর্যের ধারণা আমাদের মধ্যে দ্রুত সম্পদ-ক্ষমতা আহরণের স্পৃহা তৈরি করেছে। কিন্তু চাকরি, জমি, সম্মান - সবকিছুই যেন সীমিত। তাই কেউ পেলে মনে হয় -আমি পিছনে পড়ে গেলাম। অনেকের আবার টিনের ঘর কিন্তু ভাবনায় স্টিল ও কাঁচের আকাশচুম্বী অট্টালিকার। তাই যদি একটা কিছু করা যায়, টেনে নামানো যায় শুধু তাহলেই আমার জন্য জায়গা খালি হবে- সেখান থেকেই আসে টেনে নামানোর প্রবণতা।
কাজের কাজ নেই তাই বাঙালি আড্ডাপ্রিয়। কিন্তু আমাদের আড্ডার বড় অংশই অন্যের সমালোচনা। পাড়ার চায়ের দোকান থেকে ফেসবুকের কমেন্ট বক্স পর্যন্ত একই চিত্র। কেউ একটা নতুন ব্যবসা শুরু করল, নতুন বই লিখল, বিদেশে গেল - সঙ্গে সঙ্গে প্রশ্ন - "ওর দ্বারা হবে না", "টাকা কোথা থেকে পেল, নিশ্চয়ই দুই নম্বরি", "বেশিদিন টিকবে না"। প্রশংসা করার চেয়ে খুঁত খুঁজে বের করাটা যেন বেশি বুদ্ধিমত্তার পরিচয়।
রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণেই আক্ষেপ করে বলেছিলেন, "বাঙালি পরের প্রশংসা করিতে কুণ্ঠিত, কিন্তু নিন্দা করিতে উন্মুক্ত।" তাকেও টেনে নামানোর চেষ্টা হয়েছে। যেন গরম ভাতে বিলাই বেজার।
আত্মবিশ্বাসের অভাব: যে নিজের যোগ্যতা নিয়ে নিশ্চিত, সে অন্যের সাফল্যে অনুপ্রাণিত হয়। আর যে নিজের ভেতরে অনিশ্চিত, সে অন্যের সাফল্যে ভয় পায়। পরশ্রীকাতরতা মূলত নিজের ব্যর্থতা ঢাকার একটা কৌশল। নিজে উপরে উঠতে পারছি না, তাই অন্যকে টেনে নিচে নামালে সমান সমান লাগে।
এর প্রকাশ কেমন?
এটা এতদিন সরাসরি আসেনি; ভাষা খুব ভদ্র, কিন্তু বিষাক্ত ছিল। কিন্তু এখন সরাসরি অসম্মানজনক, শুধু অশালীন নয় অশ্লীল বটে।
বিসিএস হয়েছে - "প্রশ্ন আউট করে কিম্বা ভুয়া মুক্তিযোদ্ধা কোটায়"। বন্ধু প্রমোশন পেয়েছে শুনে বলা - "আরে, বসকে তেল মেরে পেয়েছে।" কারও সন্তান ভালো রেজাল্ট করেছে শুনে - "আজকাল তো নম্বর বেশি দিতে বলা হয় তাই গোল্ডেন পেয়েছে।" পদ্মা সেতু হয়েছে- "ওতো টাকা মারার কৌশল।" কর্ণফুলী টানেল-"ওতো মন্ত্রী বাড়ি যাওয়ার জন্য" প্রবাসে কেউ ভালো আছে শুনলে - "ওখানে তো সুখে নেই। মেয়ে খ্রিষ্টান বিয়ে করেছে" মেট্রো রেল হয়েছে- "বাংলাদেশ এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি।"
এই কথাগুলোর কোনোটাই সরাসরি গালি নয়, কিন্তু প্রতিটা কথাই রাষ্ট্র বা যাদের মেহনতে হয়েছে তাদের অর্জনকে ছোট করে দেয়।
এর সবচেয়ে ভয়াবহ রূপ হলো - আমরা একসঙ্গে বড় হতে পারি না। পাঁচজন বাঙালি মিলে একটা ভালো স্টার্টআপ, একটা সংগঠন শুরু করলে কিছুদিন পরেই ভেতরে কোন্দল।
একটা গাল গল্প আছে একবার দোজখে ইন্সপেকশনে যাওয়া হলো। যেয়ে দেখলো সব জায়গায় বেড়া থাকলেও এক এলাকায় কোন বেড়া নেই। গার্ডদের জিজ্ঞাসা করা হলো এখানে বেড়া নেই, সবাই তো বেহেশতে পালিয়ে যাবে। গার্ড কমান্ডার বলল স্যার যেতে পারবে না। প্রশ্ন আসলো কেন? উত্তর- একজন যেতে গেলে আর একজন পা টেনে ধরবে ? প্রশ্ন আসলো এরা কারা। উত্তর: বাঙালিরা।
পরিণতি কী?
পরশ্রীকাতরতার সবচেয়ে বড় ক্ষতি অন্যের নয়, নিজের। এই মানসিকতার কারণে আমরা সহযোগিতা করতে শিখিনি, প্রতিযোগিতা করতে শিখিনি যা শিখেছি তা ঈর্ষা। অথচ পৃথিবীর উন্নত জাতিগুলো সহযোগিতা করে বড় হয়েছে। একজন ইহুদি আরেকজন ইহুদির ব্যবসায় সাহায্য করে, একজন গুজরাটি আরেকজন গুজরাটিকে বিনা সুদে টাকা ধার দেয়। আর আমরা? বাঙালিরা ? অন্য রাষ্ট্রগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা যখন এগোচ্ছিলাম মাজা ভেঙ্গে দেওয়া হয়েছে। ভবিষ্যত অনিশ্চিত ?
আমরা একে অপরের পা ধরে টানাটানিতে এত ব্যস্ত থাকি যে, দৌড়ে এগিয়ে যাওয়ার কথা ভুলে যাই। এর ফলে সমাজে ভালো কাজের উৎসাহ মরে যায়। সরকারি কর্মকর্তা নতুন কিছু করলে , "দুর্নীতির মামলা লাগিয়ে দেই" এই ভয়টাই আসলে পরশ্রীকাতর সমাজের তৈরি করা ভয়। আর তার সাম্প্রতিক ভয়াবহরূপ রাষ্ট্রশ্রীকাতরতা।
উত্তরণের উপায়
এই ব্যাধি থেকে মুক্তির কোনো সরকারি ওষুধ নেই, মুক্তি ব্যক্তিগত চর্চায়। শিক্ষায়। কিন্তু এবার তো শিক্ষকরা সুযোগ পেয়েছিলো ? ফলাফল কি দাঁড়ালো ?
প্রথমত, অন্যের সাফল্যকে নিজের অনুপ্রেরণা হিসেবে দেখা। ও পারলে আমিও পারব - এই মানসিকতা।
দ্বিতীয়ত, প্রশংসা করার অভ্যাস করা। প্রকাশ্যে প্রশংসা করা। কেউ ভালো কিছু করলে তাকে বাহবা দিলে আপনার সম্মান কমে না, বরং বাড়ে।
তৃতীয়ত, নিজের কাজে মনোযোগী হওয়া। অন্যের জানালায় উঁকি না দিয়ে নিজের ঘরটা পরিষ্কার করা।
চতুর্থত: যারা ভাল কাজ করেছে, ভুল ভ্রান্তি হতে পারে, তাদেরকে মর্যাদার আসনে বসানো, তাদের কাছ থেকে শেখা ও প্রয়োগ করা।
বাঙালির ইতিহাস কিন্তু শুধু পরশ্রীকাতরতার নয়, বাঙালির ইতিহাস ঈর্ষণীয় সৃষ্টিরও। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাহিত্যে, সংগীতে বাঙালি পৃথিবীকে পথ দেখিয়েছে। বাঙালি পারে, যখন সে হিংসা ভুলে একসঙ্গে দাঁড়ায়।
পরিশেষে বলা যায়, পরশ্রীকাতরতা বাঙালির নিয়তি নয়, একটি বদ অভ্যাস মাত্র। আর অভ্যাস বদলানো যায়। যেদিন আমরা অন্যের ভালো দেখে সত্যিকারের খুশি হতে শিখব, সেদিনই আমরা সত্যিকার অর্থে বড় জাতি হয়ে উঠব। রাষ্ট্রশ্রীকাতরতা থেকে কাটিয়ে উঠে রাষ্ট্রশ্রীগর্বীতা হব।
লেখক: সাবেক সচিব
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












