মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। মূলত যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত বেড়ে যাওয়ার খবরে দাম নিম্নমুখী হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটের আশঙ্কা থাকায় তেলের দামে বড় কোনো পতন ঘটেনি। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৬ সেন্ট বা ০.১৭ শতাংশ কমে ৯২ ডলার ৯৮ সেন্টে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৫৬ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ৮৫ ডলার ৪৫ সেন্টে দাঁড়িয়েছে।
আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্যের বরাতে বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে ৫২ লাখ ৮০ হাজার ব্যারেল। একই সময়ে পেট্রোলের মজুত ৫১ লাখ ২০ হাজার ব্যারেল এবং ডিজেলসহ অন্যান্য পাতনজাত জ্বালানির মজুত ৩ লাখ ৫১ হাজার ব্যারেল বৃদ্ধি পেয়েছে।
মজুত বৃদ্ধির কারণে দাম কমলেও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত তেল সরবরাহ নিয়ে তীব্র উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির একটি রাডার ব্যবস্থায় ইরানি ড্রোন হামলার জবাবে ইরানের কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হানে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বুধবারও বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী দেশটিকে লক্ষ্য করে চালানো ইরানের আকাশপথের হামলা প্রতিহত করার কথা জানিয়েছে। উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এলএসইজির বিশ্লেষকদের মতে, বিকল্প পথে আঞ্চলিক তেল সরবরাহ কিছুটা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এর মধ্যেই ইরানপন্থি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে পাঁচটি ড্রোন ছোড়ার দাবি করেছে। হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে তেল রপ্তানির জন্য সৌদি আরব এই গুরুত্বপূর্ণ পাইপলাইনটি ব্যবহার করে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে তেলের মজুত বৃদ্ধি বাজারে দাম কমানোর চাপ তৈরি করলেও মধ্যপ্রাচ্যের সংঘাত ও গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামকে এখনো চড়া অবস্থানে ধরে রেখেছে।
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












