কুয়েতে ড্রোন হামলা, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭
অ- অ+

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। কুয়েতে ড্রোন হামলার পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক আঘাতের ঘটনা ঘটেছে। ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার আগে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে। বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, সেগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোন ঠেকানোর কারণেই হচ্ছে। তবে ড্রোনগুলো কোন দিক থেকে এসেছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে কুয়েত বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে ইরানের হরমোজগান প্রদেশের কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে এই আঘাত হানা হয়েছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি জানান, মার্কিন হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে আছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে তারা বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডার ব্যবস্থায় নিখুঁতভাবে ড্রোন হামলা চালিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোনগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে এবং এতে মার্কিন সরঞ্জাম বা কোনো সেনাসদস্যের ক্ষতি হয়নি। বাহরাইন কর্তৃপক্ষও তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে হামলা ঠেকানোর কথা জানিয়েছে। এ সময় দেশটির রাজধানী মানামায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আলজাজিরা ও এএফপির তথ্যমতে, পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি ইরানের তৃতীয় ড্রোন হামলা, যেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন অপসারণ করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনকারী এই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং বাণিজ্যিক ট্যাংকার চলাচলে পাহারা দিচ্ছে।

অন্যদিকে সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান সংকটের কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা নিয়ে আলোচনা করেছেন।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যালয় ও সাবেক এমপি বাহারের অফিসে আগুন
ফরিদপুরের নগরকান্দায় বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত