কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যালয় ও সাবেক এমপি বাহারের অফিসে আগুন

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ও গোপালগঞ্জে থানায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। এ সময় তারা গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে দেন তারা।
অপর একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যান। সেখানে একই ঘটনার প্রতিবাদে স্লোগান দেওয়ার পর বাড়ির নিচতলায় বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে এবং সামনের কাগজ ও কাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেনি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় এবং বাহাউদ্দিন বাহারের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতেও একই স্থানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নৈশপ্রহরী ছাড়া ওই বাড়িতে পরিবারের কেউ থাকেন না। সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











