যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ এবং সেখানে সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ অনুমোদিত নয় বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। অভিবাসন ও ভিসা নীতির ভাষায় এই প্রক্রিয়াকে ‘বার্থ ট্যুরিজম’ হিসেবে অভিহিত করা হয়।
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের (ইউএস অ্যাম্বাসি ঢাকা) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের পোস্টে স্পষ্ট করা হয়েছে, কোনো ব্যক্তি যদি মূলত সন্তানের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিশ্চিত করার লক্ষ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভিজিটর ভিসা ব্যবহার করেন, তবে সেটিকে ‘বার্থ ট্যুরিজম’ হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা অনুযায়ী, এই বিশেষ উদ্দেশ্যে ভিজিটর ভিসা ব্যবহার করে দেশটিতে ভ্রমণ করা আইনত অনুমোদিত নয়।
উল্লেখ্য, ভিজিটর ভিসার অপব্যবহার রোধ এবং ভিসা আবেদনের স্বচ্ছতা নিশ্চিতে মার্কিন দূতাবাস নিয়মিতভাবে এমন সচেতনতামূলক বার্তা দিয়ে থাকে। ভিসা আবেদনের সময় ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করা হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে স্থায়ী জটিলতা তৈরি হতে পারে।
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













