একের পর এক নাশকতা, পুলিশের সংযমী ভূমিকার প্রশংসা জুলকারনাইন সায়েরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ২৩:২৫
অ- অ+

দেশজুড়ে একের পর এক নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযমী ভূমিকার প্রশংসা করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সংগঠনকে রাজনৈতিক দল হিসেবে পরিচয় না দিয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার রাত ১১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জুলকারনাইন সায়ের।

ঢাকা টাইমস পাঠকদের জন্য জুলকারনাইন খান সায়েরের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

আজ কিছুক্ষণ আগে নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বের হওয়া বিএনপির মোটরসাইকেল বহরে অতর্কিত হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হামলায় নিহত হয়েছেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

গতকাল একই কায়দায় হত্যা করা হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে। এর আগে দুটি পৃথক ঘটনায় বাসে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে দুজন পরিবহনশ্রমিককে। পরিকল্পিতভাবে অস্থির করে তোলা হয়েছে পোশাক খাত, সেখানেও প্রাণ ঝরেছে।

এত কিছুর পরও আইনশৃঙ্খলা বাহিনীর সংযম দেখার মতো —বাংলাদেশের ইতিহাসে সম্ভবত আর কোনো নির্বাচিত সরকার এতটা 'মানবিক' পুলিশিং নিশ্চিত করতে পারেনি, যা পেরেছে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত নয় মাস বয়সী এই সরকার।

বিজিবি ও পুলিশের গাড়ি পোড়ানো, থানায় আগুন, দেশজুড়ে নাশকতা আর একের পর এক হত্যাকাণ্ড কোনো 'কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের' কাজ হতে পারে না। এর সঙ্গে যোগ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ সফরে যাওয়া রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ওপর কাপুরুষোচিত হামলা।

প্রতিটি ঘটনাই সন্ত্রাসী কর্মকাণ্ডের জ্বলন্ত উদাহরণ, যে সংগঠন এসব করছে, তাকে এখনো 'কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল' হিসেবে আখ্যায়িত করার নিন্দা জানাই।

সন্ত্রাসী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবেই চিহ্নিত করতে হবে। সরকারি দল হোক বা বিরোধী দল, কারোরই এতে আপত্তি থাকার কথা নয়। তাই আর দেরি না করে চলতি অধিবেশনেই বিল এনে সঠিক কাজটি করুন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় নিহত ২
আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
খিলগাঁওয়ে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, শ্রমিক দল নেত্রী নারী আহত
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ