মোহাম্মদপুরে আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য রব্বানী গ্রেপ্তার, মাদক উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য গোলাম রব্বানী শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল কাশির সিরাপ ও এক পুরিয়া গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার রাত ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিংয়ের রোড নম্বর ৩ এর বি ব্লকের ১৯ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতেই মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য। এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গ্রেপ্তারকালে তার কাছ থেকে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত উইনক্রেক্স কাশির সিরাপের ১৪টি বোতল এবং এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত এই আসামি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













