ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতাকে ঘুসি

রাজধানীর ডেমরায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতা নবী উল্লাহ নবীর বিরুদ্ধে ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমকে ঘুসি মারার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে ডেমরা থানার হাজীনগরের ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল এবং কোনাপাড়া-গলাকাটা খালের পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসকের সামনেই নবী উল্লাহ নবী ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমকে এলোপাতাড়ি ঘুসি মারেন। এরপর দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে অনুষ্ঠানস্থলে চেয়ার ভাঙচুর, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
নবী উল্লাহ নবী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঘটনার বিষয়ে তিনি বলেন, ডেমরা থানা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক নেতা এস এম রেজা চৌধুরী সেলিম ও মো. আনিসুজ্জামান বিনা আমন্ত্রণে দলবল নিয়ে অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তাদের সঙ্গে আওয়ামী লীগের বহিরাগত নেতা-কর্মীরাও ছিলেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান নবী উল্লাহ নবী।
অন্যদিকে, সংঘর্ষে আহত এস এম রেজা চৌধুরী সেলিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান বলেন, ডিএসসিসি প্রশাসক নিজে এবং দলীয় কার্যালয় থেকে তাদের অনুষ্ঠানে থাকার জন্য বলা হয়েছিল। তারা ডেমরার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত। অতীতে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে ১৭ বছরে ১০ বার কারাবরণ করেছেন বলেও দাবি করেন তিনি।
আনিসুজ্জামান আরও অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে সেলিমকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে নবী উল্লাহ নবী মঞ্চে আসেন। সেখানে হৃদ্রোগে আক্রান্ত ও বুকে রিং পরানো সেলিমকে মারধর করা হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে বলেও দাবি করেন তিনি।
এদিকে অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে ক্ষোভ প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। হ্যান্ডমাইকে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। সবাইকে ধৈর্য ধরতে হবে এবং দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে।
আবদুস সালাম বলেন, তারা খাল খনন ও পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করতে এসেছেন। নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, ডিএসসিসি প্রশাসকের সামনে হঠাৎ মঞ্চে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে নেতা-কর্মীরা চেয়ার ভাঙচুর করেন। পরে প্রশাসক দুই পক্ষের সঙ্গে কথা বলেন। পুলিশও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













