খতমে নবুওয়াত আন্দোলনে ধর্মমন্ত্রীর একাত্মতা, বাবুনগরীর ছয় দফা দাবি

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে অংশ নেওয়া আলেমরা। এ দাবিতে জাতীয় সংসদে আইন পাসের আহ্বান জানিয়ে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ ও রাজধানী ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেমিনারের সভাপতি মাওলানা আবদুল হামিদ মধুপুরী।
অন্যদিকে, খতমে নবুওয়াত আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রয়োজনে এ আন্দোলনে নিজের জীবন উৎসর্গের প্রত্যয়ও ব্যক্ত করেন।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক জাতীয় সেমিনারে এসব দাবি ও বক্তব্য উঠে আসে।
খতমে নবুওয়াত বাংলাদেশ এবং সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আবদুল হামিদ মধুপুরী। উদ্বোধনী বক্তব্য দেন আয়োজক পরিষদের আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তার লিখিত বক্তব্যে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করাসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সায়্যিদ আজহার মাদানী।
আন্দোলনে ধর্মমন্ত্রীর সমর্থন
অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত হতে না পারলেও অডিও ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
তিনি খতমে নবুওয়াত আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। এ আন্দোলনের প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত বলে জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মুসলমানদের সঙ্গে আছেন। স্বাধীনতার পর প্রথমবারের মতো ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় দেশের কওমি মাদ্রাসাগুলোর অবদানের কথা তুলে ধরে এসব প্রতিষ্ঠানের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান ধর্মমন্ত্রী।
সংসদে আইন পাসের দাবি, ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি
সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল হামিদ মধুপুরী বলেন, কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে জাতীয় সংসদে আইন পাস করতে হবে।
তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ধর্মমন্ত্রীসহ অন্যান্য সংসদ সদস্যের সঙ্গেও ধারাবাহিক আলোচনা চলছে।
মধুপুরী বলেন, সরকার তাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনলে ভালো। অন্যথায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকবেন না তারা। দাবি আদায়ে প্রয়োজনে ঢাকায় বিশাল মহাসমাবেশ করা হবে। এরপর রাজধানীর চারপাশ অবরোধের কর্মসূচি দেওয়া হবে। যথাসময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নিজেদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, তাদের গাড়ি ভাঙচুর ও বাড়িঘরে হামলা করা হচ্ছে। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
তিনি বলেন, ‘আমাদের আর রক্ত ঝরাতে হবে না। আমাদের রক্ত ঝরাবে কে? সরকার?’
মধুপুরী আরও বলেন, ‘আমাদের শরীরে গুলি চালানো হলে আমি তা মোকাবিলা করতে প্রস্তুত। স্বাধীনতার পক্ষে প্রথম শাহাদাত আমার হবে। আমি বুক পেতে দেব, কিন্তু ইসলামের প্রশ্নে কোনো আপস করব না।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণাও দেন তিনি।
বাবুনগরীর লিখিত বক্তব্যে ছয় দফা দাবি
সেমিনারে উপস্থিত হতে না পারায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করা হয়।
বক্তব্যে আকিদায়ে খতমে নবুওয়াতকে মুমিনের ঈমানের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করা হয়। পবিত্র কোরআনের সুরা আহযাবের ৪০ নম্বর আয়াত উদ্ধৃত করে হজরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে উল্লেখ করা হয়।
লিখিত বক্তব্যে কাদিয়ানি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও কর্মকাণ্ডের সমালোচনা করে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. কাদিয়ানি সম্প্রদায়কে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
২. নিজেদের মুসলিম দাবি এবং মুসলিম পরিচয়ে ধর্মীয় কার্যক্রম পরিচালনা বন্ধ করতে হবে।
৩. উপাসনালয়কে মসজিদ বলা এবং ইসলামী পরিভাষা ব্যবহার বন্ধ করতে হবে।
৪. তাদের জানাজার নামাজ না পড়া এবং মুসলিম কবরস্থানে দাফন না করার ব্যবস্থা করতে হবে।
৫. মুসলমানদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ও পারস্পরিক উত্তরাধিকার বন্ধ করতে হবে।
৬. কাদিয়ানি সম্প্রদায়ের পণ্য বয়কট করতে হবে।
একই সঙ্গে তাদের প্রকাশনা ও প্রচারণা বন্ধের আহ্বান জানানো হয়।
আয়োজকদের পাঁচ দফা ঘোষণাপত্র
সেমিনারে আয়োজকদের পক্ষ থেকেও পাঁচ দফা ঘোষণাপত্র পাঠ করা হয়। এটি পাঠ করেন আয়োজক পরিষদের সদস্যসচিব মুফতি হাফিজ উদ্দিন।
ঘোষণাপত্রে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে পূর্বসূরি আলেমদের রচিত সীরাতবিষয়ক গ্রন্থ অনুবাদ ও প্রচার, প্রতিটি মডেল মসজিদকে সীরাত ও সুন্নাহ চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং ইমামদের প্রশিক্ষণে সীরাতবিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।
প্রতি মাসে অন্তত একটি জুমার খুতবায় আকিদায়ে খতমে নবুওয়াত বিষয়ে আলোচনা, ইসলামিক ফাউন্ডেশনের পূর্বপ্রকাশিত এ-সংক্রান্ত গ্রন্থ পুনঃপ্রকাশ ও প্রচার এবং কাদিয়ানি সম্প্রদায়ের প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানানো হয়।
ঘোষণাপত্রে বলা হয়, অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মতো কাদিয়ানিরাও অমুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে। তবে তাদের ক্ষেত্রে মসজিদসহ ইসলামী পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে হবে।
কাদিয়ানি সম্প্রদায়ের সমালোচনা উবায়দুল্লাহ ফারুকের
সেমিনারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক তার বক্তব্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও মওদুদীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন।
তিনি দাবি করেন, এসব বক্তব্যে দ্বীন প্রচার ও পবিত্র কোরআনের অর্থ নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা নতুন নবুওয়াতের পথ তৈরি করে। এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান তিনি।
স্মারকগ্রন্থের কপি নিলামে বিক্রি ১ লাখ ৩০ হাজার টাকায়
সেমিনারে ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
এ উপলক্ষে মঞ্চে উপস্থিত শীর্ষ ওলামায়ে কেরামের স্বাক্ষরযুক্ত স্মারকগ্রন্থের একটি কপি উন্মুক্ত নিলামে তোলা হয়। ১ হাজার টাকা ভিত্তিমূল্য থেকে শুরু হওয়া নিলামে সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার টাকায় বইটি কিনে নেন বিশিষ্ট আলেম মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ। নিলাম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন মুফতি লুৎফুর রহমান ফরায়েজীসহ উপস্থিত আলেমরা।
সেমিনারে শতাধিক আলেম ও চার শতাধিক প্রতিনিধি অংশ নেন। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কুরাইশী কাসেমি, মাওলানা সাজিদুর রহমান, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ দেশের বিভিন্ন পর্যায়ের আলেম ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













