ময়মনসিংহ রেঞ্জে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃষ্টি হচ্ছে ২৮০ পদ

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে রেঞ্জের অধীনে একটি নতুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) গঠনের অনুমোদন দিয়েছে সরকার। নতুন এই ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পদমর্যাদার ২৮০টি পদ সৃজন এবং আটটি যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত (সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত) করার সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)-এর সার্বিক তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২ নভেম্বর এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়, যাতে স্বাক্ষর করেন উপসচিব তানভীর-আল-নাসীফ। পরবর্তী সময়ে ১৭ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ থেকে উপসচিব কাজী লুতফুল হাসানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশনা পাঠানো হয়।
যেসব পদ সৃজন করা হয়েছে
অনুমোদিত ২৮০টি পদের মধ্যে পুলিশ ফোর্সের জন্য রয়েছে ১ জন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ১ জন পুলিশ সুপার (এসপি), ২ জন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি), ৪ জন পুলিশ পরিদর্শক (সশস্ত্র), ৫ জন এসআই (নিরস্ত্র), ১২ জন এসআই (সশস্ত্র), ২ জন এএসআই (নিরস্ত্র), ২০ জন এএসআই (সশস্ত্র), ২০ জন নায়েক এবং ২০০ জন কনস্টেবল। এ ছাড়া দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সহকারী, স্টেনোগ্রাফার, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বিক্রয় সহকারী, ওজনদার ও অফিস সহায়ক পদ সৃষ্টি করা হয়েছে।
অনুমোদিত যানবাহন
নতুন এই ইউনিটের জন্য অনুমোদিত আটটি যানবাহনের মধ্যে রয়েছে একটি জিপ, দুটি ডাবল কেবিন পিকআপ, একটি তিন টনের ট্রাক, একটি পাঁচ টনের ট্রাক, একটি বাস এবং দুটি মোটরসাইকেল।
সরকারি মঞ্জুরি আদেশে উল্লেখ করা হয়েছে, এই ইউনিটের যাবতীয় ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতে বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ করা হবে এবং এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন আরআরএফ গঠনের মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে। প্রয়োজনীয় জনবল ও যানবাহন যুক্ত হওয়ায় এই অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













