নাশকতা ও সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানে খুলনা রেঞ্জের পুলিশ, সাত দিনে ১৪৩৪ আসামি গ্রেপ্তার

নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে খুলনা রেঞ্জের পুলিশ। এরই ধারাবাহিকতায় গত সাত দিনে রেঞ্জের ১০ জেলায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সহযোগী হিসেবে ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলাভিত্তিক গ্রেপ্তারের হিসাবে, খুলনা জেলায় ২০৪ জন, বাগেরহাটে ১১৫, সাতক্ষীরায় ১৩৬, যশোরে ২৬৮, ঝিনাইদহে ২২৬, মাগুরায় ৯৫, নড়াইলে ৭৯, কুষ্টিয়ায় ১৩৩, চুয়াডাঙ্গায় ১০৯ এবং মেহেরপুরে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় খুলনা রেঞ্জ পুলিশের প্রেস ও মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত খুলনা রেঞ্জের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলা, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা রেঞ্জ পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে পুলিশ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন খুলনা রেঞ্জে কর্মরত পুলিশ সদস্যরা।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরিয়ে আনতে খুলনা রেঞ্জে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













