দুদকের তলব, ব্যক্তিগত জীবন ও রাজনীতি নিয়ে মেঘনা আলমের বিস্ফোরক পোস্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবের খবর প্রকাশের পর নিজের অবস্থান জানিয়েছেন আলোচিত মেঘনা আলম। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগ, ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো নানা তথ্য এবং বিএনপি-জামায়াতের রাজনীতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন তিনি।
বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম দাবি করেন, ২০২৫ সালের ‘ইউনূস-কাণ্ডের’ ধারাবাহিকতায় তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আসিফের নাম নিতেই দুদকের তলবের খবর প্রচার হলো। তবে, আমার বিরুদ্ধে ২০২৫ ইউনূস-কাণ্ডের ধারাবাহিকতায় অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো বিভিন্ন তথ্যেরও সমালোচনা করেন মেঘনা। তিনি লেখেন, ‘আমার মতো একজন মানুষ যে জীবনে মদ-সিগারেট স্পর্শ করেনি, ৩০ পেরিয়েও ভার্জিন, একেবারেই সাদামাটা জীবনযাপন করে, তাকে নিয়েও এত বানোয়াট গল্প! অথচ বাস্তবে ধর্ষণ ও জুলুম করে বেড়াচ্ছে হুজুরের বেশধারী কিছু ভণ্ড!’
রাজনৈতিক প্রসঙ্গ টেনেও ব্যঙ্গ করেন তিনি। মেঘনা লেখেন, ‘ভাবছি, বিএনপি ছেড়ে জামায়াতের হয়ে যাব। কাল থেকে প্রচার হবে, মেঘনা আলমের মতো নিষ্পাপ মানুষ পৃথিবীতে আর কেউ নেই!’
এর আগে বিএনপি ও জামায়াতকে ঘিরেও একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছিলেন মেঘনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘আসলে ভুল দলে যোগ দিয়েছি। বিএনপিতে না এসে জামায়াতে যোগ দিলে, আমার বিকিনি পরা ছবিতেও ‘পবিত্র হৃদয় ও প্রতিভাবান’ লিখত! সাবেক সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও সৌদি আরব থেকে জোগাড় করে আনত!’
ওই পোস্টে তাকে নিয়ে ছড়ানো বিভিন্ন তথ্যের প্রসঙ্গ টেনে মেঘনা আরও লিখেছিলেন, ‘মাঝেমধ্যে আমাকে নিয়ে চারপাশে এত ভুয়া তথ্য ছড়াতে দেখে খারাপ লাগে। অথচ জামায়াতে থাকলে হয়তো লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে মন খুলে নাচতেও পারতাম!’
সাম্প্রতিক এসব পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো তথ্যের প্রতিবাদ এবং রাজনৈতিক দলগুলোকে ঘিরে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন মেঘনা আলম।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













