দুই মাসের মধ্যে ঢাকার ৫০ সিগন্যালে চালু হচ্ছে এআই ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৫
অ- অ+

রাজধানীর যানজট নিরসনে দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে। একই সঙ্গে মেট্রোরেলের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলছে। আগামী দুই মাসের মধ্যে এগুলো পুরোপুরি সচল হবে বলে আশা করছে সরকার।

সংসদ সদস্য মো. আবুল কালাম প্রশ্নে উল্লেখ করেন, যানজটের কারণে দেশে প্রতিবছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। যানজটের কারণে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে। এতে দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমেছে।

এ অবস্থায় ঢাকার সব প্রধান সড়ক এবং দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক ব্যবস্থার আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জানতে চান তিনি।

জবাবে তারেক রহমান বলেন, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। কারণ, তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নগরবাসী ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট স্থাপন হতে দেখছেন। তবে সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেনি। আশা করা হচ্ছে, আগামী দুই মাসের মধ্যে এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট অনেকটাই কমে আসবে।

বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বড় রাজধানীগুলোতে সকালে অফিস-স্কুল শুরু এবং বিকেলে ছুটির সময় দুই দফায় দুই থেকে চার ঘণ্টার মতো যানজট থাকে। বাংলাদেশেও এমন পরিস্থিতি দেখা যায়। তবে সরকার এই ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে কাজ করছে।

ঢাকায় চালু হতে পারে মনোরেল

যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর কয়েকটি রুটে ইতোমধ্যে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মনোরেলের বিশেষত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এটি অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার মধ্য দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, মনোরেল বাস্তবায়ন করা গেলে রাজধানীর এসব এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতে অভাবনীয় সুবিধা যুক্ত হবে। এতে গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি যানজট নিরসনেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দুদকের তলব, ব্যক্তিগত জীবন ও রাজনীতি নিয়ে মেঘনা আলমের বিস্ফোরক পোস্ট
জ্বালানি সাশ্রয়ে এগিয়ে রূপপুর, একবার ভরলেই চলবে দুই বছর
খতমে নবুওয়াত আন্দোলনে ধর্মমন্ত্রীর একাত্মতা, বাবুনগরীর ছয় দফা দাবি