সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ দিল রূপপুর, প্রথম দফার পরীক্ষা সফল

পাবনা প্রতিনিধি:
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৮
অ- অ+

জাতীয় গ্রিডে প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের। প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে কেন্দ্রটি। প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে জাতীয় গ্রিড থেকে ইউনিটটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তী কারিগরি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিটের মধ্যে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন প্রথমে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবারও গ্রিডে যুক্ত হবে রূপপুর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান রাত ১১টা ৫০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় গ্রিডে সংযোগ দেওয়ার আগে জেনারেটর ও গ্রিডের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়েছে। এরপর উৎপাদন বাড়িয়ে কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থার স্থিতিশীলতা পরীক্ষা করা হয়।

ড. জাহেদুল হাসান বলেন, প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়েছে।

তিনি জানান, প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও জাতীয় গ্রিডে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষার প্রয়োজনে ইউনিট সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। এ সময় উৎপাদনের ওঠানামার সঙ্গে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জানুয়ারিতে উৎপাদন ১২০০ মেগাওয়াটে নেওয়ার লক্ষ্য

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে।

অনুমোদন পেলে শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’। এ পর্যায়ে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে রিঅ্যাক্টর, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা থাকবে। তবে উৎপাদন বাড়ানোর বিষয়টি পরীক্ষার ফলাফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করবে।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, বায়েরা অনুমোদনের পর শুরু হওয়া ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ পর্যায় শেষে রোসাটমের কাছ থেকে ইউনিটটির দায়িত্ব প্রাথমিকভাবে বুঝে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

দুটি ইউনিটে উৎপাদনক্ষমতা ২৪০০ মেগাওয়াট

দেশের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান এনপিসিবিএল।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এখানে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহকে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু করতে এখনো কয়েকটি কারিগরি পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বাকি রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে শর্তে সরকারকে সহযোগিতা করবে জামায়াত
চট্টগ্রামে ইয়াসিন বাহিনীর ছয় সদস্য গ্রেপ্তার
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৭
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখাবে হারপিক, চালু হলো অ্যানিমেটেড সিরিজ