গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে ও ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা ওমর ফারুক খান রিপনসহ বেশ কয়েকজন নেতাকর্মী সংসদ সদস্য বাবরের ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালানোর পর ক্লিনিকের ওয়েটিং রুমে ভাঙা আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা উল্লাস করে বিভিন্ন স্লোগান দেন। তাদের বলতে শোনা যায়, ‘সন্ত্রাসী বাবরের বাড়িতে আগুন দিয়েছি’।
পরে ১৫ মিনিট অবস্থানের পর তারা চলে গেলে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ছাড়া সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ জেলা শহরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে, অগ্নিসংযোগ ও বিভিন্ন সড়ক অবরোধের ঘটনায় রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেখা যায়নি।
এবিষয়ে জানতে পুলিশের বিভিন্ন কর্মকর্তার মুঠোফোন কল দিলে কেউই রিসিভ করেনি।
(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









