তারা ফিরে আসতে কতটা ভয়ঙ্কর নাশকতা ঘটাতে পারে

মাহবুব আলম লাবলু
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২১
অ- অ+

#দৃশ্যপট-১

আওয়ামী জেল-জুলুমের জমানা। তখন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস‍্য ছিল বন্ধু আমির হোসেন বিল্টু। সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে তার ঢাকার বাসা ছিল নেতা-কর্মীদের গোপন আস্তানা। অথচ বিএনপি সরকার গঠনের পর তার খোঁজ রাখেনি কেউ। জেলা কমিটিতে তার জায়গা হয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচন করার প্রস্তুতি যাও নিচ্ছিলেন, সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে স্থানীয় এমপির নেতিবাচক ইঙ্গিতে।

#দৃশ‍্যপট-২

এবার ছাত্র রাজনীতি থেকে কেন্দ্রীয় রাজনীতি করেছেন এমন দুজনের কথা বলি। আমি যখন ক‍্যাম্পাস সাংবাদিকতা করি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ছিলেন তাইফুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। টিপু দলের চরম দুঃসময়ে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর উজ্জ্বল ছিলেন রাজশাহী জেলা যুবদল ও বিএনপির গুরুত্বপূর্ণ পদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় টিপু দল থেকে বহিষ্কৃত, আর স্থানীয় এমপির রোষানলে পড়ে নির্বাচনের পর মিথ‍্যা মামলার আসামি হন উজ্জল।

#দৃশ‍্যপট-৩

আরও বড় পর্যায়ের কথা বলতে গেলে শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেলের মতো নেতা-কর্মীর বঞ্চনার কথা বলে শেষ করা কঠিন।

#দৃশ‍্যপট-৪

মানিকগঞ্জের একটি উপজেলা বিএনপির সভাপতিকেও সারের ডিলারশীপ পেতে এমপিকে ১০ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। এমন অভিযোগ দেশের প্রায় সর্বত্র। এমপিদের বিরুদ্ধে দলের স্থানীয় নেতাকর্মীদের বঞ্চিত করে নিজের আখের গোছানোর তথ‍্য-উপাত্ত হরহামেশাই আমার কাছে আসে।

পাঠকরা হয়তো ভাবছেন, আমি আসলে কি বলতে চাচ্ছি। এসব ঘটনা সামনে আনার কারণ—প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি নির্দেশনা। গতকাল সংসদে দাঁড়িয়ে তিনি প্রত‍্যেক এলাকার এমপিদের দ্রুততম সময়ের মধ‍্যে যার যার এলাকায় যেতে বলেছেন। আমার কাছে তার নির্দেশনার মর্মার্থ হচ্ছে—আওয়ামী লীগের চলমান জ্বালাও-পোড়াওয়ের মত অপরাজনীতি তিনি পুলিশ-প্রশাসন দিয়ে নয়, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চান।

এখন প্রশ্ন হচ্ছে—এমপি সাহেবরা প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকায় গেলেন ঠিকই, কিন্তু গত ৭/৮ মাসে সাহেবদের সঙ্গে তৃণমূলের যে দুরত্ব তৈরি হয়েছে তাতে চলমান সংকটের রাজনৈতিক মোকাবিলার সিদ্ধান্ত কতটুকু কার্যকর হবে তা আমার জানা নেই। বিপদের আঁচ পেলেই তৃণমূল, আর বিপদ কাটলে মধুর মাছির ভিড়—এমন কথা ইতোমধ্যেই অনেককে বলতে শুনেছি। এটাও অনেকে বলছেন—যারা মাল কামাচ্ছে তারাই এসব মোকাবিলা করুক। এত অল্প সময়ে দলের নেতাকর্মীদের বড় একটা অংশের মধ্যে এমন ধারনা জন্ম হওয়ার কথা ছিল না। তারপরও চাওয়া-পাওয়ার হিসেবের বাইরে থেকে অনেক ‘অন্ধভক্ত’ হয়তো দলের সিদ্ধান্তে চলমান সংকট মোকাবিলায় জীবনবাজি রাখবেন।

যেমন—দলের নির্দেশেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী অন‍্য সংগঠনের তৃণমূলের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নাশকতা ঘটাচ্ছে। অথচ বিদেশে বসে যারা নির্দেশ দিচ্ছেন তাদের পরিবারের সদস‍্যরা লুটের টাকায় নিরাপদ জীবনযাপন করছেন।

যাহোক—এখন মুল কথায় আসি, প্রধানমন্ত্রী যে এমপিদের এলাকায় যেতে বলেছেন, এমপিরা এলাকায় গিয়ে কী করবেন? তাঁরা নিশ্চয়ই তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে নাশকতাকারীদের মোকাবিলা করতে চাইবেন!!

এই ধাপের সমস‍্যা এ প্রতিবন্ধকতা স্পষ্ট করতেই শুরুতে দৃশ‍্যপট হিসাবে ছোট করে চারটি বিষয় তুলে ধরেছি।

আওয়ামী জমানায় বিএনপি ও অঙ্গসংগঠনের যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, যারা মামলা-হামলা, নির্যাতনের শিকার হয়েছেন, বারবার কারাবরণ করেছেন, এদের বড় অংশই এখন অবহেলিত। তাদের দীর্ঘশ্বাস আমার কানে আসে। দলীয় প্রধানের কান পর্যন্ত পৌচ্ছায় কিনা জানি না। আগে কয়েকজনের একটি টিম (বেলায়েত, রুমন, তারা, আন্টু) গোপনে তৃণমুলের খবর তুলে এনে তারেক রহমানের টেবিলে দিতেন। তেমন টিম এখন আছে কিনা আমার জানা নেই। তবে ওই টিমের অন্তত দুজন এখন আরও ‘বড়’ কাজে ব‍্যস্ত। এদেরতো জানার কথা—তৃণমুলে কি ঘটছে, সরকার গঠনের পর কাদের সুযোগ পাওয়ার কথা ছিল।

কিন্ত যাদের সুযোগ-সুবিধা দিতে বা পেতে দেখছি—তাদের অনেককেই কোনদিন ছাত্রদল কিংবা বিএনপির রাজনীতি করতে দেখিনি। কেনো, কার ইশারায় এসব হচ্ছে? প্রশ্নটার জবাব খুঁজলে হয়তো অনেক কিছু পরিস্কার হবে।

ধরুন দল এখন হালকা বিপদে। বিপদ ঘণীভূত হলে বিদেশ থেকে আমদানি করা মুখগুলো কি বিএনপিকে বাঁচাতে মাঠে নামবে? এক কথায় জবাব—না। এরা সুযোগ বুঝে মধুর মাছির মতো উড়ে যাবে। তখন ক‍্যামব্রিজ, হার্ডার্ডে পড়া ‘বুদ্ধিজীবী’ ডক্টরেটদেরও খুঁজে পাওয়া যাবে না।

অথচ বিপদে বারবার যারা বুক চিতিয়ে সামনে দাঁড়িয়েছে তাদের আপনারা সুনিপুণ পরিকল্পনায় দুরে ঠেলেছেন। পাত্তা পর্যন্ত দেননি। এমনকি ৮ মাসেই তৃণমূলে বিষবাষ্প ছড়িয়েছেন। যারা ১৭ বছর দলটিকে ধরে রাখতে কিনা করেছেন।

আপনাদের ইন্টেলেকচ‍্যুয়ালদের মাথায় কাজ করেনি কার্যক্রম নিষিদ্ধ করে কোন দলকে শেষ করা যায় না। আওয়ামী লীগ ঘুরে দাড়াতে চাইবে। আর তারা ফিরে আসতে কতটা ভয়ঙ্কর নাশকতা ঘটাতে পারে তা তাদের অতীতের কাজে প্রমাণিত। কাজেই সেটাও মাথায় রাখা উচিত ছিল। কার্যক্রম নিষিদ্ধ দলটিও তৃণমূলকেই হাতিয়ার হিসাবে ব‍্যবহার করছে। অথচ আওয়ামী লীগকে ডোবানোর পেছনে তৃণমুলের তেমন দায় ছিল না। লুটপাটের মাধ‍্যমে তৈরি হওয়া অলিগার্ক শ্রেণিই দলটিকে ডুবানোর জন‍্য দায়ী।

এই লেখা পড়ে হয়তো অনেকের পিত্তি জ্বলবে! কেউ কেউ হয়তো কল করে কিংবা হোয়াটস অ‍্যাপের ক্ষুদে বার্তায় বলবেন—আপনার এসব লেখার দরকার কী? তাদের আগেই বলে রাখি, আমি সত‍্যিটা সহজভাবে মুখের ওপর বলতে পছন্দ করি। আমি সাংবাদিকতাটাই করে যেতে চাই। আমার পদ-পদবির কোন ধান্দা নেই। আর সত‍্যিটা মুখের উপর বলি বলেই সব আমলেই আমার কপালে দুঃখ জোটে। তারপরও বলে সুখ পাই।

তাছাড়া খোদ প্রধানমন্ত্রী যেখানে প্রকাশ্যে বলেন, গঠনমূলক সমালোচনা যেন জারি থাকে। সেখানে সত‍্যিটা বললে অতিউৎসাহীরা বেজার হন কেনো বুঝি না।

এক সপ্তাহের বেশি সময় ধরে ভীনদেশে। প্রথমে তুরস্ক, পরে আসছি যুক্তরাজ‍্যে। দুটোই উন্নত দেশ। দেখি আর ভাবি, এরা কোথায় আর আমরা কোথায়। তারপরও মন পড়ে আছে বাংলায়। কারণ—ওখানেই আমার ঠিকানা, বেঁচে থাকার স্পন্দন, সমস্ত কিছু। তাই আমি নিজের চেয়েও দেশ ও মানুষের কল‍্যাণ চাই বেশি। কিন্ত বিদেশে বসে দেশের খবর দেখে অজানা আতঙ্কে ভেতরটা কেপে উঠছে বারবার। তাই বলি—ক্ষমতার লোভে আপনারা দেশটাকে আর জাহান্নামে পরিণত করবেন না। এভাবে চলতে থাকলে প্রিয় মাতৃভুমী আর এগুবে না। শান্তি, স্বস্তিতে থাকতে পারবে না দেশের মানুষ।

সবার শুভ বুদ্ধির উদয় হোক।

লেখক: সাংবাদিক

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেঁচে থাকতে হলে নিজের জন্য কৃষক হোন—"আদি ধারায় ফিরি"
নিজের মাটি ও সংস্কৃতি বাদ দিলে সেরা সফটওয়্যারও অন্ধ
নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও
আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী