উত্তরবঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা নামলো ১২.৫ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৪| আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৬
অ- অ+

ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু, হিমেল বাতাস আর কুয়াশার চাদরে ঢাকা জনপদ জানান দিচ্ছে উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এক দিনের ব্যবধানে ৩ দশমিক ২ ডিগ্রি কমেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর আগে বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলায় রোদের দেখা মিললেও সন্ধ্যা নামার সাথে সাথে উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোররাত থেকে কুয়াশা ও ঠান্ডা বাতাসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ও কৃষকেরা। তাপমাত্রা কমে যাওয়ায় স্থানীয়রা আলমারি থেকে তুলে রাখা সোয়েটার, জ্যাকেট ও লেপ-কম্বল বের করতে শুরু করেছেন।

গলেহাহাট এলাকার বাসিন্দা রমিস উদ্দিন জানান, দিনের বেলায় রোদ উঠলে কিছুটা গরম লাগে এবং ঘরে ফ্যান চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে এবং রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।

আরেক বাসিন্দা বলেন, হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের এই সময়ে দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বড় ব্যবধান তৈরি হয়। এ কারণে দিনে উষ্ণতা থাকলেও ভোর ও রাতে শীত বেশি অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী দিনগুলোতে উত্তরাঞ্চলের তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
হত্যা, ভাঙচুরসহ ১৪ মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ: পুলিশ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭, মামলা ৬০
বেঁচে থাকতে হলে নিজের জন্য কৃষক হোন—"আদি ধারায় ফিরি"