জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা, প্রশাসনিক কাজে বাধা; ২২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪২
অ- অ+

গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে (ভিসি) অবরুদ্ধ করে রাখা, প্রশাসনিক ভবনে তালা দেওয়া, কর্মকর্তা-কর্মচারীদের মারধর এবং উপ-উপাচার্যকে ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে ২২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সহকারী প্রক্টর মো. সালাহ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটন এবং এ ধরনের কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের নিচে সমবেত হয়ে বিক্ষোভ করেন চাকরিতে পুনর্বহাল হওয়া একদল কর্মকর্তা-কর্মচারী। তাদের বিরুদ্ধে বেতন-ভাতা বৃদ্ধি, জ্যেষ্ঠতা ও পদোন্নতিসংক্রান্ত দাবি নিয়মবহির্ভূতভাবে আদায়ের চেষ্টা এবং সুপ্রিম কোর্টের রায় অমান্য করার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। একই সঙ্গে উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেন। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়।

পরিস্থিতি সমাধানে উপাচার্য শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার কথা জানিয়ে আন্দোলনকারীদের দুই দফায় আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে তারা সেদিনই দাবি পূরণের বিষয়ে অনড় থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সামনে মিছিল ও সমাবেশ করেন এবং সরকার ও বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপত্তিকর স্লোগান দেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন। এ সময় উপ-উপাচার্যকে ধাক্কা দিয়ে আহত করা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তাদের কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগের গতকাল ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রজু হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তা করার বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তা করার বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুনকে সভাপতি করে গঠিত কমিটির সদস্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর আল-আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব নাফিসা আরেফীন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. ফাহিম ফয়সাল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনার মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজ হোসেন মিরপুরে গ্রেপ্তার
পূবাইলে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধস, ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা