পূবাইলে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

গাজীপুর মহানগরীর পূবাইলে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পূবাইল থানাধীন করমতলা বাজারসংলগ্ন একটি মেডিক্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন পূবাইলের তালুটিয়া এলাকার আহমেদ হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি নেটওয়ার্কিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাকির হোসেন মোটরসাইকেল চালিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। পথে করমতলা বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে অটোরিকশাটি এবং এর চালক সুবল (৩০)-কে আটক করেন।খবর পেয়ে পূবাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













