শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ করলো মাউশি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬
অ- অ+

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাশাপাশি দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি শূন্য পদ পূরণে নিয়োগ কার্যক্রম গ্রহণের কথা জানিয়েছে সরকার। গতকাল বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়াতে বিশ্বে মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। মাউশি ইতিমধ্যে শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধের আদেশ জারি করেছে এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন রয়েছে।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম ও ফরিদপুর-১ আসনের মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের বিস্তারিত চিত্র তুলে ধরেন। তথ্য অনুযায়ী, দেশে মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি শিক্ষক পদ শূন্য রয়েছে:

• মাদ্রাসা: ১ লাখ ১ হাজার ৮৭৩টি

• বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়: ৮৫ হাজার ৩৩৩টি

• সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি ও সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি

• কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: ১৪ হাজার ৬৯৭টি

• সরকারি মাধ্যমিক বিদ্যালয়: ৩ হাজার ৪৮টি

শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫ হাজার ৭৩৮টি শূন্য পদের চাহিদা পাওয়া গেছে এবং বিধিমালা সংশোধনের মাধ্যমে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে।

৭০ শতাংশ ইংলিশ মিডিয়াম স্কুলের নিবন্ধন নেই

সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক মানের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশেরই যথাযথ নিবন্ধন বা অনুমোদন নেই। সমন্বিত নীতিমালা না থাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো পরিচালিত হয়েছে। সরকার বিদেশি কারিকুলাম ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনতে কাজ করছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের আবাসিক ক্যাডেট কলেজগুলোতে প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা (মাসিক ৪৪ হাজার ৫০৪ টাকা)। এ ছাড়া কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ৮৮ দশমিক ০৪ শতাংশ এবং ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ। তবে প্রাথমিক শিক্ষকদের জন্য আপাতত স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দীর্ঘ প্রতীক্ষার অবসান: আজ শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল
রায়েরবাজারে কাঁচাবাজার ও বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
পাবনার মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজ হোসেন মিরপুরে গ্রেপ্তার
পূবাইলে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত