রায়েরবাজারে কাঁচাবাজার ও বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারের পাশে ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টা ২০ মিনিটে রায়েরবাজার এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ১০টা ৩৫ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের একাংশ ও পাশের বেশ কয়েকটি টিনের তৈরি ছোট বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













