দীর্ঘ প্রতীক্ষার অবসান: আজ শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল

দীর্ঘদিনের দাবি, অপেক্ষা আর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পূরণ হচ্ছে পাবনাবাসীর স্বপ্ন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের মধ্য দিয়ে চালু হতে যাওয়া নতুন এই রেলসেবার নামকরণ করা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। আজ বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন এই ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর থেকেই এই রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম।
ট্রেনের সময়সূচি ও যাত্রাবিরতি
রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ১২টি কোচ নিয়ে ট্রেন দুটি প্রতিদিন চলাচল করবে। সময়সূচি নিচে তুলে ধরা হলো:
• পাবনা প্রভাতী এক্সপ্রেস (ট্রেন নং ৮০৮): প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
• পাবনা গোধূলি এক্সপ্রেস (ট্রেন নং ৮০৭): প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
যাত্রাপথে উভয় দিকেই দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে।পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালুর খবরে জেলার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। পাবনা রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী আলমাস আলী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, আগে পাবনা সদর থেকে সরাসরি ঢাকার সাথে ট্রেন চলাচল ছিল না। অন্য উপজেলায় গিয়ে ট্রেনে উঠতে হতো। এখন সরাসরি ট্রেন চালু হওয়ায় সময় ও খরচ দুটোই কমবে এবং ব্যবসারও প্রসার ঘটবে।
রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয় সংশ্লিষ্টদের মতে, এই সরাসরি রেল যোগাযোগ চালুর ফলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, বরং পাবনার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে সড়কপথের যানজট ও ভোগান্তি এড়িয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা এখন অনেক বেশি স্বস্তিতে যাতায়াত করতে পারবেন।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












