আগামী তিন বছরে মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ—এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, বরং নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বড় লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। এ সময় তরুণদের উদ্ভাবনী শক্তি যাতে পৃষ্ঠপোষকতা বা সহায়তার অভাবে হারিয়ে না যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













