কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে কী করছে নয়াদিল্লি?

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৫৬
অ- অ+

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রকাশ্যে খুব একটা সরব নয় ভারত। সম্মেলনস্থলে দেশটির নিজস্ব কোনো প্রদর্শনী প্যাভিলিয়ন নেই। এমনকি প্রতিনিধিদলের আকারও অনেক দেশের তুলনায় ছোট। তবে প্রকাশ্যে উপস্থিতি কম থাকলেও পর্দার আড়ালে জলবায়ু আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে ভারতের নিবন্ধিত প্রতিনিধিদলের সদস্য প্রায় ১৫২ জন। সংখ্যার দিক থেকে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ও নেপালের প্রতিনিধিদলও ভারতের চেয়ে বড়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাহার এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণে তুলনামূলক কম উচ্চাকাঙ্ক্ষী অবস্থানের কারণে ভারতের জলবায়ু কূটনীতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সম্মেলনে প্রকাশ্য উপস্থিতি কম হলেও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলোচনায় সক্রিয় রয়েছে নয়াদিল্লি।

ভারতের মূল অবস্থান হলো, উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা বা সময়সীমা চাপিয়ে দেওয়ার আগে উন্নত দেশগুলোকে অতিরিক্ত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার নিশ্চয়তা দিতে হবে।

ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নিতে গিয়ে উন্নয়নশীল দেশগুলোকে তাদের উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নত জীবনযাপনের অধিকার বিসর্জন দিতে বলা যায় না।

কপ-৩১ সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের অবস্থান বিশেষভাবে আলোচনায় রয়েছে। এর একটি হলো জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) তিনটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশের সময়সীমা নির্ধারণ। অন্যটি হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের প্রস্তাব।

এদিকে ভারতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে। দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৩০ শতাংশ আসছে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎস থেকে। এ পরিস্থিতিতে পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে আরও উচ্চাকাঙ্ক্ষী ভূমিকা রাখার সুযোগ রয়েছে ভারতের।

পরিবেশনীতি বিশ্লেষকদের মতে, জলবায়ু কূটনীতি থেকে সরে যায়নি ভারত। বরং আলোচনার টেবিলে নিজের প্রভাব কাজে লাগিয়ে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার পাশাপাশি বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতা তৈরির সুযোগ খুঁজছে দেশটি।

অর্থাৎ কপ-৩১ সম্মেলনে ভারতের উপস্থিতি প্রচারের আলোয় কম থাকলেও জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি সহায়তা ও উন্নয়নশীল দেশগুলোর অধিকার নিয়ে নেপথ্যের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে নয়াদিল্লি।

সূত্র: ব্লুমবার্গ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
পিএইচডি অর্জন, নামের আগে ‘ড.’ ব্যবহারের অনুমতি পেলেন বিচারক তাজুল ইসলাম